সেই বিচারকের অপসারণ দাবি
ব্লগার আহমেদ রাজীব হায়দারকে ‘মুরতাদ’ আখ্যায়িত করে লেখা প্রতিবেদন বিতরণকারী বিচারকের অপসারণ দাবি করেছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
ওই বিচারককে সরিয়ে দেয়ার দাবি তুলেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিও।
মঙ্গলবার ঘাতক দালাল নির্মূল কমিটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, “সুপ্রিম কোর্টের একজন বিচারপতি এহেন অসৎ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে শুধু উচ্চতর আদালতের বিচারপতিদের মযার্দাই ক্ষুন্ন করেনি, একই সঙ্গে এ ধরনের বক্তব্য শাহবাগ প্রজন্ম চত্বরের মহাজাগরণের নায়কদের বিরুদ্ধে ’৭১-এর ঘাতক ও যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর চরম ধৃষ্টতাপূর্ণ বিষোদগারের অন্তর্গত।”
বিচারপতি মিজানুর মো. মিজানুর রহমান ভূঁঞাকে জামায়াতের একজন গভীর ‘অনুরাগী ও স্বাধীনতাবিরোধী’ বলে দাবি করেছে নির্মূল কমিটি।
মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানবিরোধী এবং উচ্চতর আদালতের মর্যাদা হানিকর কর্মকাণ্ডের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে মাধ্যমে এই বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে।
সোমবার দুপুরে বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞার পক্ষে জমাদার সিদ্দিকুর রহমান হাওলদার হাই কোর্টের বিচারপতিদের কক্ষে গিয়ে সুপ্রিম কোর্টের খামে করে ব্লগার রাজীব হায়দারকে ‘মুরতাদ’ আখ্যায়িত করে লেখা একটি প্রতিবেদন দিয়ে আসেন।
যুদ্ধাপরাধের বিচার দাবিতে আন্দোলনরত গণজাগরণ মঞ্চের কর্মী রাজীবকে শুক্রবার খুন করা হয়। এই হত্যাকাণ্ডে জামায়াত-শিবির জড়িত বলে তার সহযোদ্ধা ও স্বজনদের অভিযোগ।
