৮ হাজার কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন
বিদ্যুৎ খাতের দুটিসহ প্রায় ৮ হাজার কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
বিদ্যুৎ খাতের দুটি প্রকল্প হচ্ছে- বৃহত্তর চট্টগ্রাম এলাকায় বিদ্যুতের ঘাটতি ও বাড়তি চাহিদা মেটাতে শিকলবাহা ২২৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প এবং ভারতের সঙ্গে বিদ্যুৎ আদান-প্রদানে জন্য গ্রিড ইন্টারকানেকশন বিটুইন বাংলাদেশ (ভেড়ামারা) অ্যান্ড ইন্ডিয়া (বহরমপুর) প্রকল্প (সংশোধিত)।
মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
শিকলবাহা ২২৫ মেগাওয়াট ডুয়েল ফুয়েল কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্পটি বিদ্যমান শিকল বাহা পাওয়ার স্টেশনের কাছে পিডিবির জায়গায় বাস্তবায়ন হবে।
প্রকল্পটি বৃহত্তম চট্টগ্রাম এলাকায় নির্ভরযোগ্য ও নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহে সহায়ক হবে বলে সরকার বলছে।
দুই হাজার ২২ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্প বাস্তবায়নে মধ্যপ্রাচ্যভিত্তিক চারটি দেশ ও উন্নয়ন সহযোগী সংস্থা (সৌদি আরব, কুয়েত, আবুধাবি এবং ওপেক ফান্ড) ১ হাজার ৩৭৫ কোটি টাকা দেবে।
ভারতের সঙ্গে বিদ্যুৎ আদান-প্রদানের প্রকল্পটি দক্ষিণ এশীয় উপ-আঞ্চলিক সহযোগিতা কার্যক্রমের আওতায় বাস্তবায়িত হবে।
৩১ কিমি সঞ্চালন লাইন ও দুটি সাব স্টেশন নির্মাণ এবং ১১৩ একর ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন কাজ প্রকল্পে অর্ন্তভূক্ত রয়েছে।
গ্রিড ইন্টারকানেকশন বিটুইন বাংলাদেশ (ভেড়ামারা) অ্যান্ড ইন্ডিয়া (বহরমপুর)” নামের এ প্রকল্পটির সংশোধিত ব্যয় প্রায় ৫০০ কোটি টাকা বেড়ে এক হাজার ৫৭৯ কোটি টাকায় দাঁড়িয়েছে।
বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধরী, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারসহ অন্যন্য মন্ত্রী, উপদেষ্টা, সচিব এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পরিকল্পনা সচিব ভূইয়া শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, অনুমোদিত আট প্রকল্প বাস্তবায়নে ৭ হাজার ৮৮২ কোটি টাকা ব্যয় হবে।
এর মধ্যে ৪ হাজার ৮১৪ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে এবং বাকি ৩ হাজার ৬৮ কোটি টাকা প্রকল্প সাহায্য থেকে মেটানো হবে।
অনুমোদিত অন্য চার প্রকল্প হচ্ছে- তিন হাজার ১৯০ কোটি টাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেন উন্নীতকরণ প্রকল্প (সংশোধিত), ১১৬ কোটি টাকার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রকল্প, ৭৮ কোটি টাকার মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের আন্ডারপাস প্রকল্প, ৫৭২ কোটি টাকার আইসিটি উন্নয়ন প্রকল্প, ২২৬ কোটি টাকার কালিয়াকৈর হাই-টেক পার্ক উন্নয়ন প্রকল্প এবং ১০২ কোটি টাকার পূর্বাঞ্চলীয় সমন্বিত সেচ এলঅকা উন্নয়ন প্রকল্প।
