সেই বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা: আইনমন্ত্রী
আহমেদ রাজীব হায়দারকে ‘মুরতাদ’ উল্লেখ করে প্রচারপত্র বিতরণকারী বিচারকের বিরুদ্ধে সাংবিধানিকভাবে ব্যবস্থা নেয়া হবে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
আইনজীবী ও গণজাগরণ মঞ্চ থেকে দাবি ওঠার পর মঙ্গলবার সংসদেও বিচারপতি মিজানুর রহমান ভূঁঞাকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।
অধিবেশনের শুরুতেই গণজাগরণ আন্দোলনের ‘প্রথম শহীদ’ ব্লগার রাজীবকে নিয়ে ‘অপপ্রচারকারী’ বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি তোলেন প্রধান হুইপ আব্দুস শহীদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য।
এরপর স্পিকার আবদুল হামিদ বলেন, “সরকার কী করতে চায় তা শুনি, না হলে আমি রুলিং দেব।”
এরপর আইনমন্ত্রীকে কথা বলতে দেয়া হলে তিনি বলেন, “আমি মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করব, যাতে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করে এই বিচারপতি, যিনি এই গর্হিত কাজটি করেছেন, তার বিরুদ্ধে সাংবিধানিকভাবে ব্যবস্থা নেন।”
মন্ত্রী আরো বলেন, “এই বিচারক যে কাজটি করেছেন, তা একবারে জঘন্য ধরনের কাজ ও নিন্দনীয় কাজ। এ কাজটিকে এবং তার আচরণকে অসাংবিধানিক কাজ বলা যায়।
“সেই প্রেক্ষিতে আমাদের মহামান্য রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা আছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠন করতে মাননীয় প্রধান বিচারপতিকে বলতে পারেন।”
“বিচারপতিদের কোনো অবস্থাতেই এ ধরনের আচরণ করা উচিত না। এটা একেবারেই সংবিধান বহির্ভূত এবং দেশের সার্বভৌমত্ববিরোধী,” বলেন ব্যারিস্টার শফিক।
ব্লগার আহমেদ রাজীব হায়দার।
ব্লগে লেখালেখির জন্য জামায়াত-শিবির এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে স্থপতি রাজীবের সহযোদ্ধা ও স্বজনদের দাবি।
রাজীবের জন্য জাতীয় সংসদে শোক প্রকাশ করা হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা তাকে গণজাগরণের প্রথম শহীদ অভিহিত করেন।
রাজীবের ব্যক্তিগত জীবন-যাপন এবং তার কথিত লেখালেখি নিয়ে কয়েকটি সংবাদপত্রে ‘অপপ্রচার’ চালাচ্ছে।
বিচারপতি মো. মিজানুর রহমান ভূঁঞা সোমবার ওই ধরনের একটি প্রতিবেদন সুপ্রিম কোর্টের খামে করে বিভিন্ন বিচারকের কক্ষে বিলি করার ব্যবস্থা করেন, যাতে রাজীবকে ‘মুরতাদ’ বলা হয়।
বিচারকের এই কাজ নিয়ে সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সেই প্রতিবেদন এবং দুটি সংবাদপত্রে মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে সংসদে আলোচনার সূত্রপাত করেন জাতীয় পার্টির মুজিবুল হক চুন্নু।
তিনি বলেন, “দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ রাজীব সম্পর্কে অপপ্রচারমূলক প্রতিবেদন বিচারপতি মিজানুর রহমান তার স্টাফকে দিয়ে সুপ্রিম কোর্টের খাম ব্যবহার করে বিচারপতিদের বিলি করে কুরুচিপূর্ণ কাজ করেছেন।
“একজন সিটিং বিচারপতি কত বড় অন্যায় করেছে! এ বিচারপতি ষড়যন্ত্রে জড়িত। জামায়াত-শিবিরের আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যাচার করে শহীদ রাজীবকে হেয় করার জন্যে এটা করা হয়েছে।
“আমি আইনমন্ত্রীকে অনুরোধ করব, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে এই বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।”
এই লক্ষ্যে ১৯৭২ এর সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের দাবি জানান তিনি, যাতে বিচারকের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ছিল।
মুজিবুল হকের পর ফজলে রাব্বী মিয়া বলেন, “ওই বিচারপতি গর্হিত কাজ করেছেন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে তার বিরুদ্ধে। তা নাহলে বিচারবিভাগের ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে।”
কার্যপ্রনালী বিধি ৬৮ অনুচ্ছেদ অনুযায়ী সংসদে এ বিষয়ে আলোচনার প্রস্তাব দেন প্রধান হুইপ আব্দুস শহীদ।
সংসদীয় পদ্ধতিতে ওই বিচারপতির বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া যায়, সে সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তিনি।
অনির্ধারিত আলোচনায় বক্তব্য দিতে দাঁড়িয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ব্লগার রাজীব হত্যাকাণ্ডের বিষয়ে ওই বিচারককে জিজ্ঞাসাবাদের দাবি জানান।
তিনি বলেন, “ওই বিচারপতি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। হত্যার নায়ক হিসেবে এ বিচারপতি কাজ করেছে। তাকে ইন্টারোগেশনের আওতায় আনা হোক।”
শেখ ফজলুল করিম সেলিম
তিনি বলেন, রাজীবের মৃত্যুর পর তার ব্লগ হ্যাক করে অপপ্রচারের উদ্দেশ্য গণজাগরণ মঞ্চের আন্দোলন নস্যাৎ করা।
বিচারপতি মিজানুর সংবিধান লঙ্ঘন করেছেন দাবি করে এই আইন প্রণেতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানান।
আবদুল মান্নান বলেন, “রাজনৈতিক পক্ষ নিয়ে বিচার বিভাগকে ব্যবহার করে ওই বিচারপতি ক্ষমার অযোগ্য কাজ করেছেন।”
আলোচনার শেষ পর্বে আইনমন্ত্রী দৈনিক ইনকিলাব, দৈনিক আমার দেশ ও দৈনিক নয়াদিগন্তের নাম উল্লেখ করে বলেন, “পত্রিকার রুলও আমরা জনি। এ সংবাদটি নিজেরাই তৈরি করে এভাবে দিয়েছে। যাতে বিতর্ক তৈরি হয়।”
বিচারপতির এই ধরনের আচরণে আক্ষেপ করে স্পিকার বলেন, “আমি এখনি বিষয়টা শুনলাম। এই যদি বিচারপতির অবস্থা হয়, তাহলে দেশের মানুষ যাবে কোথায়? বিচারপতিদের এই অবস্থা হলে মানুষ কোথায় যাবে!”
বিচারপতি মিজানুর বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০২ সালের ২৯ জুলাই হাই কোর্টে অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ পান।
অতিরিক্ত বিচারপতির ২ বছর মেয়াদ শেষে ২০০৪ সালের ২৯ জুলাই তিনি হাই কোর্টের বিচারপতি হিসাবে স্থায়ী হন।
