২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলেজছাত্রী স্নিগ্ধার হত্যাকারীকে গ্রেপ্তার দাবি

কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্রী স্নিগ্ধা আকতার রিমির (২০) হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন তার সহপাঠী ও শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুষ্টিয়া,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 10:14 AM

মঙ্গলবার দুপুরে শহরের সার্কিট হাউজের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে সড়কে যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ প্রশাসন থেকে হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষক-শিক্ষার্থীরা অবরোধ থেকে সরে আসেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন বলেন, স্নিগ্ধা হত্যাকাণ্ডে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারে পুলিশের তৎপরতা আরো জোরদার করা হবে।

সম্প্রতি মিরপুর উপজেলার চুনিপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে শিহাব (২৫) ও সদর উপজেলার চৌড়হাস গ্রামের আব্দুল বারীর মেয়ে স্নিগ্ধা (২০) পরিবারের অমতে বিয়ে করেন।

গত ১৪ ফেব্রুয়ারি শিহাব তার স্ত্রীকে নিয়ে উপজেলার নওদা বহালবাড়িয়া গ্রামে খালার বাড়ি বেড়াতে যান।সেদিন রাতেই ওই বাড়ির একটি ঘরে গলায় ওড়না প্যাঁচিয়ে শ্বাসরোধে স্নিগ্ধাকে হত্যা করা হয়।ঘটনার পর  থেকেই শিহাব পলাতক আছেন।

এ ঘটনার দুইদিন পর নিহতের বড় ভাই শফিকুল ইসলাম মিরপুর থানায় শিহাবকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।