রাষ্ট্রপতি, স্পিকারের অনুদান বাড়াতে সংসদে দুটি বিল
রাষ্ট্রপতি ও স্পিকারের অনুদানের অর্থের পরিমাণ বৃদ্ধির জন্য আলাদা দুটি বিল সংসদে উত্থাপন করা হয়েছে।
জাতীয় সংসদের মঙ্গলবারের অধিবেশনে রাষ্ট্রপতির অনুদানের অর্থ এক কোটি টাকা থেকে বাড়িয়ে দুই কোটি টাকা করতে প্রেসিডেন্ট’স (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩ উত্থাপন করেন সংসদ কাজে মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী।
পরে বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
জাতীয় সংসদের স্পিকারের অনুদানের অর্থ সাড়ে চার লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করতে স্পিকার অ্যান্ড ডেপুটি স্পিকার (রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩ সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
