২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সশস্ত্র বাহিনীকে গড়তে হবে একাত্তরের চেতনায়’

সশস্ত্র বাহিনীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অধীনস্তদেরও সেভাবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 08:02 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

মঙ্গলবার মিরপুর সেনানিবাসে সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, সীমিত সম্পদ নিয়েও তার সরকার একটি যুগোপযোগী, দক্ষ ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়তে কাজ করছে।

তিনি বলেন, বর্তমানে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় নতুন নতুন পরিবর্তনের ফলে সামরিক বাহিনীর ভূমিকা ও দায়িত্বে ‘বহুমাত্রিকতা’ এসেছে । সশস্ত্র বাহিনীর শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমেও পরিবর্তিত সময়ের এই চাহিদার প্রতিফলন থাকা প্রয়োজন।

“আমাদের সম্পদ সীমিত। আর সে সীমিত সম্পদ দিয়েই আমরা একটি যুগোপযোগী, দক্ষ ও শক্তিশালী সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চাই।এই লক্ষ্য অর্জনের জন্য আমাদের উন্নত প্রশিক্ষণ ও অনুশীলনের ওপর আরো বেশি গুরুত্ব দিতে হবে।”

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ‘জন্ম হয়েছে’ মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনীর সদস্যদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হতে হবে। অধীনস্তদেরও সেভাবে গড়ে তুলতে হবে।”

জাতিসংঘ শান্তি মিশনে সশস্ত্র বাহিনীর সাফল্যে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন,  “বিশ্বের প্রতিটি প্রান্তের সকল দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সমস্যার শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাসী বাংলাদেশ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় আমরা অঙ্গীকারাবদ্ধ।বিশ্ব শান্তি রক্ষা এবং সকল ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত সুস্পষ্ট। আর সে আদর্শকে সামনে রেখে আমাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।”

প্রধানমন্ত্রী তার বক্তৃতার শুরুতেই ১৯৫২ সালের ভাষা শহীদদের স্মরণ করেন। ২০০৯ সালের ফেব্রুয়ারিতে পিলখানায় বিডিআর জওয়ানদের বিদ্রোহের ঘটনায় নিহত ৫৭ সেনা কর্মকর্তার বিদেহী আত্মার মাগফিরাতও কামনা করেন সরকার প্রধান।

গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান থেকে ডিগ্রি নেয়া সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের জন্য অত্যন্ত গৌরবের।

একটি সুশৃঙ্খল ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টাফ কলেজ প্রতিষ্ঠা করেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

এ বছর চীন, মিশর, ভারত, ইন্দোনেশিয়া, জর্ডান, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, প্যালেস্টাইন, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, তানজানিয়া, তুরস্ক, যুক্তরাষ্ট্র, জাম্বিয়া , জিম্বাবুয়ে ও বাংলাদেশ সেনাবাহিনীর ৯১ জন, নৌ-বাহিনীর ১৮ জন এবং বিমান বাহিনীর ২১  কর্মকর্তাসহ মোট ১৭৪ জন  সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

প্রধানমন্ত্রী এই কর্মকর্তাদের পেশাগত জীবনেও সাফল্য কামনা করেন ।

বিদেশি সেনা কর্মকর্তাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন,  “আপনাদের দেশের সঙ্গে আমাদের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সে সম্পর্ক ক্রমেই আরো গভীর হবে- এই আমাদের প্রত্যাশা।”

“আমার বিশ্বাস, নিজেদের দেশে ফিরে গিয়ে আমাদের দূত হিসাবে বাংলাদেশের অতিথিপরায়ন জনগণের শুভেচ্ছা আপনাদের জনগণের কাছে পৌঁছে দেবেন।”

বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের মূর্ত প্রতীক অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, “প্রিয় মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সুমহান দায়িত্ব আমাদের সশস্ত্র বাহিনীর উপর ন্যস্ত।”

প্রাকৃতিক দুর্যোগ-দুর্বিপাক মোকাবিলার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম, অবকাঠামো নির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষাসহ জনসেবামূলক কর্মকাণ্ডে সশস্ত্র বাহিনী বেসামরিক প্রশাসনকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় প্রয়োজনীয় খসড়া জাতীয় প্রতিরক্ষা নীতি ও সেনাবাহিনী ফোর্সেস গোল ২০৩০ নির্ধারণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সশস্ত্র বাহিনীর উন্নয়নে সম্প্রতি রাষ্ট্রীয় ঋণ চুক্তির আওতায় রাশিয়া থেকে এক বিলিয়ন ডলারের সমরাস্ত্র কেনার চুক্তি হয়েছে।

এছাড়া  সরকারের অর্থনৈতিক, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য-প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের কথাও অনুষ্ঠানে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিন বাহিনীর প্রধান, ঊধ্বর্তন সামরিক কর্মকর্তা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের ঊধ্বর্তন কর্মকর্তারা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।