২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় হরতালে জামায়াতের ভাংচুর-অগ্নিসংযোগ

জামায়াতে ইসলামীর ডাকা আধাবেলা হরতালে চৌদ্ধগ্রামসহ তিনটি উপজেলায় বিক্ষিপ্ত মিছিল ও কয়েকটি গাড়ি ভাংচুর হলেও কুমিল্লা শহরের জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2013, 05:40 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

জামায়াতে ইসলামীর সোমবারের হরতালে চৌদ্ধগ্রামে সহিংসতায় একজন নিহত হওয়ার পর মঙ্গলবার কুমিল্লা জেলায় এ হরতাল ডাকে দলটি।

হরতালের মধ্যেও কুমিল্লা শহরে রিকশা, অটোরিকশা ও বাস চলাচল করতে দেখা যায়। অফিস-আদালতে কাজ চলছে স্বাভাবিকভাবেই। শিক্ষা প্রতিষ্ঠানেও ক্লাস-পরীক্ষা চলছে। খোলা রয়েছে শহরের অধিকাংশ দোকানপাট ।

নাশকতা এড়াতে সকাল থেকেই চৌদ্দগ্রাম উপজেলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এর মধ্যেও সেখানে পুলিশের সঙ্গে জামায়াত-শিবির কর্মীদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।

উপজেলার বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা। ভোরে মহাসড়কে বেশ কয়েকটি গাড়িও তারা ভাংচুর করে। ঝাগুড়ঝুলিতে পুড়িয়ে দেয় একটি ট্রাক।

এছাড়া সকাল ৮টার দিকে মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জে  ২/৩টি বাসের কাঁচ ভাংচুর করেছে হরতাল সমর্থকরা। চান্দিনা উপজেলার বিভিন্ন সড়কেও হরতালের সমর্থনে মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা।