ইসলামী ব্যাংকের ৭ কর্মকর্তা কারাগারে
জামায়াতে ইসলামীর ‘ধ্বংসাত্মক ও নাশকতামূলক’ কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগের মামলায় ইসলামী ব্যাংকের সাত কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
সোমবার বিকালে ঢাকার মহানগর হাকিম এম এ সালাম এ আদেশ দেন।
আসামিরা হলেন- ইসলামী ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট শহীদুল হক, মিরপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার হাসান মাহমুদ মিঠু, আসিফ জুনায়েদ, হাসানুল, কফিল উদ্দিন, নুর আলম এবং রবিউল ইসলাম।
তাদের বিরুদ্ধে দুটি মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের আদালতে হাজির করে পাঁচ দিন করে দশ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন।
শুনানি শেষে রিমান্ড এবং জামিন উভয় আবেদন নাকচ করে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
রোববার বিকালে এই সাত আসামিকে ইসলামী ব্যাংক মিরপুর শাখা থেকে আটক করা হয়।
