২০ ফেব্রুয়ারির মধ্যে আত্মসমর্পণ, নইলে জেসমিনকে গ্রেপ্তার
২০ ফেব্রুয়ারির মধ্যে আদালতে আত্মসমর্পণ না করলে হল-মার্কের চেয়ারম্যান জেসমিন ইসলামকে গ্রেপ্তারের আদেশ দিয়েছে হাই কোর্ট।
সোমবার একটি রুলের শুনানিতে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এই আদেশ দেয়।
একইসঙ্গে একটি রুলের জবাব না দেয়ায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলকে ২০ ফেব্রুয়ারি সশরীরে আদালতে হাজির হতে বলা হয়।
আদালতে জেসমিন ইসলামের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আবেদনকারীর পক্ষে ড. ইউনুস আলী আকন্দ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাকে সহায়তা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে অমিত তালুকদার সাংবাদিকদের বলেন, নিম্ন আদালত জামিন বাতিলের আদেশে জেসমিন ইসলামকে তিন দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল। আদেশ অনুসারে আত্মসমর্পণ না করলে তাকে গ্রেপ্তার করার নির্দেশ দেয় হাই কোর্ট। একইসঙ্গে রুলের জবাব না দেয়ায় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজলকে ২০ ফেব্রয়ারি আদালতে হাজির থাকতে বলেছে।
ইউনুস আলী আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০ ফেব্রয়ারি পর্যন্ত এই রুলের শুনানি স্থগিত করেছে আদালত।
জেসমিন ইসলামের জামিন মঞ্জুর করার ১০ দিন পর রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জহুরুল হক ওই জামিন বাতিল করেন।
৭ ফেব্রুয়ারি এ বিচারকই জেসমিন ইসলামকে জামিন দিয়েছিলেন। কিন্তু এ কারণে তাকে তলব করে হাই কোর্ট। পরে জামিন বাতিল করায় হাই কোর্ট সেই আদেশ প্রত্যাহার করে। এর আগে ওইদিন সোনালী ব্যাংক থেকে নেয়া ঋণ পরিশোধের অঙ্গীকারের শর্তে জেসমিন ইসলামকে এগারো মামলায় জামিন দেয়া হয়।
অনিয়ম ও কারসাজির মাধ্যমে সোনালী ব্যাংকের ১ হাজার ৫৬৮ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৮৭৭ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন গত ৪ অক্টোবর জেসমিন, তার স্বামী হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে।
এরপর গত বছরের ৭ নভেম্বর মানিকগঞ্জ থেকে জেসমিনকে গ্রেপ্তার করে র্যাব। এর আগে গ্রেপ্তার হন তার স্বামী তানভীর ও ভাই হল-মার্কের মহাব্যবস্থাপক তুষার আহমেদ।
দুদক কর্মকর্তারা জেসমিনকে কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করেন।
