জন্ম-মৃত্যু নিবন্ধনে ভুল তথ্যে শাস্তি
জন্ম ও মৃত্যু নিবন্ধনের সময় ভুল তথ্য দিলে শাস্তির বিধান রেখে আইন চূড়ান্ত করেছে সরকার।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধন) আইন, ২০১৩’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, জন্ম ও মৃত্যু নিবন্ধনে ভুল তথ্যদাতাদের সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা বা এক বছরের কারাদণ্ড বা উভয় শাস্তির বিধান রেখে আইনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।
১৮৭৩ সালের এ আইন ২০০৪ সালে সর্বশেষ সংশোধন করা হয়েছিল জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ডিজিটাল নিবন্ধন, ব্যক্তিগত পরিচিতি নম্বর, প্রবাসীদের জন্ম ও মৃত্যু নিবন্ধন সংযুক্ত করতেই এ আইনের সংশোধনের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়ায় অনুমোদন
কক্সবাজারকে একটি পরিকল্পিত পর্যটননগরী হিসেবে গড়ে তুলতে ‘কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০১৩’ এর খসড়া নীতিগত অনুমোদন করেছে মন্ত্রিসভা।
মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের জানান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এবং চট্রগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আদলে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ করা হবে। আইন মন্ত্রনালয়ের চূড়ান্ত ভেটিং এর পর এ আইন চূড়ান্ত করা হবে।
এ আইনের অধীনে কক্সবাজারের উন্নয়নে কর্তৃপক্ষের একজন চেয়ারম্যান এবং প্রশাসন, উন্নয়ন ও পরিকল্পনার জন্য ৩ জন সদস্য এবং বিভিন্ন পযায়ের প্রতিনিধিরা থাকবেন।
একটি পরিকল্পিত পযটননগরী গড়ে তোলার জন্য এ কর্তৃপক্ষ সমীক্ষা, জরিপ, মাস্টারপ্লান তৈরি এবং নগর পরিকল্পনা তৈরি করবে।
অপরিকল্পিত নগরায়ন প্রতিহত এবং অবৈধ দখল উচ্ছেদেও এ কর্তৃপক্ষ কাজ করবে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব।
মন্ত্রিপরিষদ সচিব জানান, মন্ত্রিসভায় গত ৯ থেকে ১৪ অক্টোবর কমনওয়েলথ অর্থমন্ত্রিদের সম্মেলন এবং বিশ্বব্যাংক-আইএমএফ সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে অবহিত করা হয়েছে। গত ১১ থেকে ১২ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-তুরস্ক যৌথ কমিশনের ৪র্থ সভা সস্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
