২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ২ বাসে আগুন

হরতালে গাজীপুর সদর উপজেলায় দুটি বাসে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2013, 03:50 AM

Updated : 23 Aug 2022, 10:14 AM

সোমবার জামায়াতে ইসলামীর ডাকা হরতালের সকাল পৌনে ১১টার দিকে নলজানী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের পাশে বলাকা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। এর আগে ভোগড়ার বাসান এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুড়িয়ে দেয়া হয় বিআরটিসির একটি বাস।

জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান জানান, চান্দনা চৌরাস্তা থেকে একটি বাস গাজীপুরের শিববাড়ির দিকে যাওয়ার সময় কয়েকজন হরতাল সমর্থক ওই বাসে উঠে পড়ে। বাসটি পল্লীবিদ্যুৎ এলাকায় পৌঁছালে পিকেটারা হঠাৎ করেই গাড়ি ভাংচুর শুরু করে এবং ভয়-ভীতি দেখিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে আগুন দেয়।

অগ্নিনির্বাপক কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে কামরুজ্জামান জানান।

এ সময় চান্দনা-চৌরাস্তা থেকে গাজীপুর সড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

এর আগে সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভোগড়ার বাসান এলাকায় বিআরটিসির একটি বাস পুড়িয়ে দেয় হরতাল সমর্থকরা। অগ্নিনির্বাপক কর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ সময় মহাসড়কের পশ্চিম পাশের লেন দিয়ে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ থাকে।

বিআরটিসি বাসটি গাজীপুরের শিববাড়ি এলাকা থেকে রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মতিঝিলে আনা-নেয়া করতো।

বাসটির চালক আল আমীন বলেন, অন্য দিনের মতো সকালে কর্মীদের নেয়ার জন্য বাসটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা হয়। এরই এক পর্যায়ে হরতাল সমর্থকরা বাসে হামলা চালায় এবং তাকে নামিয়ে দিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। 

দুইটি বাসেই তরল কোনো দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন দেয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে জানান ফায়ার ব্রিগেডের গাজীপুর স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ।

ওসি কামরুজ্জামান বলেন, বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কক্সবাজারে সহিংসতায় হতাহতের ‘প্রতিবাদে’ সারা দেশে সকাল-সন্ধ্যা এই হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দোকান মালিক ও পরিবহন মালিকরাসহ সমাজের বিভিন্ন পর্যায় থেকে এই হরতাল প্রতিরোধের ঘোষণা এসেছে।