বই মেলায় বৃষ্টিবিভ্রাট
ফাগুনের হঠাৎ বৃষ্টির প্রভাব পড়েছে বই মেলায়ও, রোববার সন্ধ্যা ৭টা বাজার আগেই গুটিয়ে যায় মেলার স্টলগুলো।
গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বেলা ৩টায় যথারীতি মেলা শুরু হয়েছিল, কিন্তু বিকালের অঝোর ধারা তা থামিয়ে দেয়।
সন্ধ্যা ৭টার পর মেলা ঘুরে দেখা যায়, প্রতিটি স্টলের সামনেই পর্দা দেয়া; যদি মেলা চলার কথা রাত ৯টা পর্যন্ত।
শুদ্ধস্বর স্টলের সামনে দাঁড়িয়ে থাকা প্রকাশক শামীম রুমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত বিদ্যুৎ সরবরাহ না থাকায় স্টল বন্ধ করে দিতে বাধ্য হয়েছি।
“তাছাড়া বৃষ্টির ফলে মেলায় পায়ে চলার পথেও কাদা জমে গেছে। সন্ধ্যা থেকে একেবারে কোনো ক্রেতা ছিল না।”
ঐতিহ্য প্রকাশনীর স্টলের ভেতরেই পাওয়া যায় ব্যবস্থাপক আমজাদ হোসেন কাজলকে।
তিনি বলেন, “এখন কী করব, বুঝতে পারছি না। এখন তো বৃষ্টিও নেই, আকাশও পরিষ্কার হয়ে গেছে।”
তার ধারণা, মেলা চললে কিছু ক্রেতা হলেও আসত।
তবে বাংলা একাডেমী কর্তৃপক্ষ বলছেন, মেলা গুটিয়ে ফেলার সিদ্ধান্ত প্রকাশকদেরই।
একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগের উপপরিচালক মুর্শিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রকাশকদের নিজস্ব সিদ্ধান্তেই তারা স্টল বন্ধ করেছে। বাংলা একাডেমী স্টল বন্ধ করার কোনো ঘোষণা দেয়নি।”
“প্রকাশকরা বলেছেন, মেলায় কোনো ক্রেতা ছিলেন না। একই সঙ্গে তারা বৈদ্যুতিক শটসার্কিটেরও আশঙ্কা করছিলেন,” বলেন তিনি।
সন্ধ্যার পর বইয়ের স্টলগুলো বন্ধ থাকেলেও মেলার মূলমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলেছে।
রোববার মেলায় জনসমাগম ছিল বেশ কম। তার মধ্যে বৃষ্টি বিভিন্ন স্টলের অবস্থা নাজুক করে তুলেছিল।
মেলাঙ্গন ঘুরে দেখা যায়, প্রায় একশ স্টলের ভেতর পানি ঢুকেছে।
ন্যাশনাল পাবলিকেশন্স, আগামী, সুবর্ণ, সূচীপত্র, জাতীয়তাবাদী প্রকাশনা সংস্থা, লাবনী, সাহিত্য কথা, একাডেমি পাবলিকেশন্স, লেখালেখি, দিনরাত্রি, বর্তমান সময়, ম্যাগনাম ওপাস, অয়ন, যুক্ত, হাক্কানী, সংবেদ, সাহিত্যমালা, কামরুল বুক ডিপো, অন্যধারা, উৎস, সংঘ, জয়তি, রোদেলা, বিদ্যা, কাকলী, ইত্যাদি গ্রন্থপ্রকাশের স্টলগুলো পানিতে ভিজে যায় সব।
ইত্যাদি গ্রন্থপ্রকাশের জহিরুল আবেদীন জুয়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপরে ত্রিপল থাকার পরেও বৃষ্টিতে সব ভিজে গেছে। যদি টিন দেওয়া থাকত, তাহলে এমনটি হত না।”
এ বিষয়ে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, “ত্রিপলে কোনো ত্রুটি ছিল না। ত্রুটি ছিল স্টল নির্মাণে। স্টলের পার্টিশন দিয়ে পানি চুইয়ে ভেতরে ঢুকেছে।”
মেলার সর্বশেষ অবস্থা নিয়ে বিকালে বাংলা একাডেমীর এক সংবাদ সম্মেলনে
তিনি বলেন, “এবারের মেলা আমরা আমাদের সাধ্যমত মতো সেরা করার চেষ্টা করছি। পুরোপুরি হয়েছে বলব না। তবে শতকরা আশি ভাগ আমরা সফল হয়েছি।”
নীতিমালা না মানার জন্য প্রকাশকদেরও সমালোচনা করেন তিনি।
মেলার সময় বাড়াতে প্রকাশকদের অনুরোধের বিষয়ে একাডেমীর মহাপরিচালক বলেন, “ফেব্রুয়ারির পর মেলা বাড়ানো ঠিক হবে না। কোনো সুযোগ নেই।”
সকাল থেকে মেলা শুরুর প্রস্তাবও নাকচ করেন তিনি।
কবীর চৌধুরী স্মরণে আলোকচিত্র প্রদর্শনী
রোববার বিকালে একাডেমীর নতুন ভবনের নিচ তলায় বাংলা একাডেমীর সাবেক সভাপতি জাতীয় অধ্যাপক প্রয়াত কবীর চৌধুরীর ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। তা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
কবীর চৌধুরীর ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোকচিত্রশিল্পী এম তাহেরের ক্যামেরায় বিভিন্ন সময়ে ধারণকৃত আলোকচিত্র নিয়ে প্রদর্শনীটি সাজানো হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
নজরুল মঞ্চের চিত্র
রোববার মেলার নজরুল মঞ্চে সাতটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এর মধ্যে আরিফুল ইসলামের চারটি বইয়ের মোড়ক উন্মোচন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক।
এছাড়া সুদীপ চক্রবর্তীর ‘নীলিমায় বালি হাঁস’, আ. রউফ মোল্লা কমান্ডারের ‘আমি শহীদেও স্বাক্ষর’ এবং মালিহা পারভিন রুমির ‘শূন্যতায় পূর্ণতায়’র মোড়ক উন্মোচন হয়েছে।
নতুন বই
বাংলা একাডেমীর সমন্বয় ও জনসংযোগ উপবিভাগ থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, রোববার মেলায় ৫৯টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে গল্প সঙ্কলন ৭টি, উপন্যাস ১২টি, প্রবন্ধ ৪টি, কবিতা ১৯টি, গবেষণা ১টি, ছড়া ২টি, শিশুতোষ ২টি, জীবনী ১টি, মুক্তিযুদ্ধ ১, বিজ্ঞান ২টি, ভ্রমণ ১টি, রাজনীতি ২টি, সায়েন্স ফিকশন ১টি এবং অন্যান্য বিষয়ের ওপর ৪টি।
মূল মঞ্চের আয়োজন
বিকালে মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আলাউদ্দিন আল আজাদের কবিতা : ব্যাপ্তি ও দীপ্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন কবি মুহম্মদ নুরুল হুদা।
প্রবন্ধের ওপর আলোচনা করেন নাট্যব্যক্তিত্ব এস এম মহসীন, কবি হাসান হাফিজ এবং শিক্ষক তারেক রেজা। সভাপতিত্ব করেন কবি বেলাল চৌধুরী।
প্রাবন্ধিক নুরুল হুদা বলেন, ‘আলাউদ্দিন আল আজাদের কবিতার জগৎ বহুধা-ব্যাপ্ত। তিনি একই সঙ্গে অঙ্গীকারশীল ও নিরীক্ষাপ্রবণ কবি। তার কবিতায় ব্যক্তি চৈতন্যের সঙ্গে অঙ্গীভূত হয়েছে সামষ্টিক মানুষের মুক্তির আকাঙ্ক্ষা।”
সভাপতির বক্তব্যে কবি বেলাল চৌধুরী বলেন, একুশের অন্যতম মানসসন্তান আলাউদ্দিন আল আজাদ তার বিচিত্রমুখী সাহিত্যকর্মের মধ্য দিয়ে নতুনত্বের সাধনা করেছেন।
মূলমঞ্চে সন্ধ্যায় মফিজুল ইসলামের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘কালুশাহ শিল্পগোষ্ঠী’ এবং গোলাম কুদ্দুছের পরিচালনায় সাংস্কৃতিক সংগঠন ‘বহ্নিশিখা’ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
সোমবারের আয়োজন
সোমবার মেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘মোহাম্মদ মনিরুজ্জামান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন রফিকউল্লাহ খান।
আলোচনায় অংশ নেবেন মোহাম্মদ রফিকউজ্জামান, খোন্দকার আশরাফ হোসেন এবং বিশ্বজিৎ ঘোষ । সভাপতিত্ব করবেন কবি আসাদ চৌধুরী।
