২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিটি দাবি পূরণ হবে: তোফায়েল

প্রজন্ম চত্বর থেকে ওঠা প্রতিটি দাবি পূরণ করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 01:15 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের বিল পাস হওয়ার পর রোববার সন্ধ্যায় সংসদের পক্ষ থেকে সেই বার্তা নিয়ে গণজাগরণ মঞ্চে আসেন আওয়ামী লীগের এই উপদেষ্টামণ্ডলীর সদস্য।

সাবেক ছাত্রনেতা তোফায়েল বলেন, “এই তরুণ প্রজন্ম একাত্তরের চেতনা ধারণ করে যে আন্দোলন শুরু করেছে, তা কেউ বন্ধ করতে পারবে না। এই আন্দোলনে রাজীবের রক্ত মিশেছে। যে বীজ এখানে রোপিত হয়েছে, এখান থেকে যেসব দাবি উঠেছে, তার প্রত্যেকটি দাবি পূরণ হবে।”

এ সময় তার সঙ্গে ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন ও আওয়ামী লীগ নেতা সাংসদ সাবের হোসেন চৌধুরী।  

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন বিল রোববার পাস হয়।

গত ৫ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার যাবজ্জীবন সাজার আদেশ দেয়ার পর সাজা বাড়াতে আপিল করার সুযোগ না থাকার বিষয়টি উঠে আসে। মুক্তিযোদ্ধা ও বামদলগুলোসহ বিভিন্ন মহল থেকে এই রায়ে হতাশা প্রকাশ করে আইন সংশোধনের দাবি ওঠে।

কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের ডাকে ওইদিন সন্ধ্যা থেকেই শাহবাগে শুরু হয় ছাত্র-জনতার আন্দোলন, যা পরে ছড়িয়ে পড়ে সারা দেশে।

সন্ধ্যা সোয়া ৬টায় সংসদের ওই প্রতিনিধি দলটি যখন শাহবাগে প্রজন্ম চত্বরে পৌঁছে তখনও বৃষ্টি চলছিল। বৃষ্টির মধ্যেই তারা বক্তব্য দেন।

পরে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ও ব্লগারস অ্যান্ড অক্টিভিস্ট ফোরামের আহ্বায়ক ইমরান এইচ সরকার তাদের সব দাবি পূরণের আহ্বান জানান।
তিনি বলেন, “এই বিজয়, আমাদের প্রাথমিক বিজয়। আন্দোলন চলছে চলবে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরছি না।”

যুদ্ধাপরাধীদের ফাঁসির পাশাপাশি যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি তুলে ধরে ইমরান বলেন, “আমরা মনেকরি জাতীয় নেতৃবৃন্দ আমাদের দাবি পূরণ করে ঘরে ফেরার সুযোগ করে দেবেন।”