২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এটি প্রাথমিক বিজয়: ইমরান

আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধনের বিল পাস হওয়াকে ‘প্রাথমিক বিজয়’ হিসেবে দেখছে শাহবাগের আন্দোলনকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 12:20 PM

Updated : 25 Apr 2022, 06:23 PM

রোববার মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ রেখে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন বিল পাস হয় জাতীয় সংসদে।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি আমাদের প্রাথমিক বিজয়। চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না।”

বিল পাসের খবর গণজাগরণ মঞ্চে পৌঁছার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেঁটে পড়েন আন্দোলনকারীরা।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানান ব্লগারস অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের আহ্বায়ক ইমরান।  

গত ৫ ফেব্রুয়ারি রায়ের দিন থেকে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগসহ দেশজুড়ে শুরু হয় গণজাগরণ।

এই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করতে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়, যা রোববার পাস হয়।

সংশোধিত আইন অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ তৈরি হলো।