তারুণ্যের গণজাগরণে জেগেছে চেতনা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রজন্ম চত্বরের গণজাগরণ মঞ্চ পুরো জাতির মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগিয়ে তুলেছে।
প্রধানমন্ত্রী কার্যালয়ে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নব-নির্বাচিত সদস্যরা দেখা করতে এলে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, “তরুণদের এই আন্দোলন পুরো জাতিকে জাগিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা সমাজের সর্বস্তরে পৌঁছে গেছে। শিশু থেকে শুরু করে সকলের মধ্যে দেশপ্রেম জাগ্রত হয়েছে।”
গত ৫ ফেব্রুয়ারি রায়ের দিন থেকে কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে শাহবাগসহ দেশজুড়ে শুরু হয় গণজাগরণ।
এই পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে আপিল করতে আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়, যা রোববার পাস হয়। সংশোধিত আইন অনুযায়ী, মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তির পাশাপাশি দল বা সংগঠনের বিচারের সুযোগ তৈরি হলো।
বিরোধী জোটের প্রতি ঈঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, “জাগ্রত জনতার কাছে তাদের কোনো ষড়যন্ত্র টিকবে না।”
গত ৪ ফেব্রুয়ারি কাদের মোল্লার রায়ের আগের দিন একাত্তরে যুদ্ধাপরাধে সহায়তাকারী দল জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ‘গৃহযুদ্ধের’ হুমকি দেয়া হয়েছিল।
ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “রক্ত নিয়ে খেলা তাদের স্বভাব।”
বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করে দিয়েছেন বলে যে অপপ্রচার চালানো হয়ে থাকে- তার জবাবে প্রধানমন্ত্রী বলেন, “যারা অগ্নিসংযোগ, লুটপাট, হত্যা ও নারী নির্যাতন করেছিল- জাতির পিতা তাদের ক্ষমা করে নাই। ৭৫ এর পর জিয়াউর রহমান ক্ষমতায় এসে সামরিক অধ্যাদেশ জারি করে যে সকল যুদ্ধাপরাধীদের বিচার চলছিলো, তাদের মুক্ত করে দেন।”
৭৫ এর পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার কথা উল্লেখ করে তিনি বলেন, “এবার যে উন্মেষ ঘটেছে তাতে সবাই এখন সঠিক ইতিহাস জানতে পারবে।”
বৈঠকে প্রধানমন্ত্রী চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরো ফ্লাইওভার করার বিষয়ে সাংবাদিক নেতাদের আশ্বস্ত করেন। এসময় তিনি চট্টগ্রাম প্রেসক্লাবের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়েও সম্মতি জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাবেক সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি রাশেদ রউফ, কাজী আবুল মনসুর, যুগ্ম সম্পাদক মহসিন কাজী, অর্থ সম্পাদক শুকলাল দাশ, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক রুপম চক্রবর্তী, আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী প্রমুখ।
