২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় গণপিটুনিতে ২ ‘সন্ত্রাসী’ নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় এলাকাবাসীর পিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2013, 08:21 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শনিবার রাতে উপজেলার বলেশ্বরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ বলছে, নিহত আমিরুল ইসলাম (৩৫) ও তার এক সহযোগী তরিকুল ইসলাম (৩২) এলাকায় সন্ত্রাসী হিসাবে পরিচিত। তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় ডাকাতি ও চাঁদাবাজীর একাধিক মামলা রয়েছে।

আমিরুল উপজেলার তিওরবিলা গ্রামের মৃত মনোয়ার হোসেনের ছেলে। তরিকুলের বাড়ি আলমডাঙ্গার হাকিমপুর গ্রামে। তিনি মৃত নোয়াজ্জেস আলীর ছেলে।

আলমডাঙ্গা থানার ওসি সৈয়দ আব্দুল্লাহ জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে বলেশ্বরপুর গ্রামে সন্ত্রাসীদের গোপন বৈঠকের খবর পেয়ে এলাকাবাসী তাদের ধাওয়া দেয়।

“এ সময় আমিরুল ও তরিকুলকে আটক করলেও বাকি ৬-৭ জন পালিয়ে যায়। পরে বলেশ্বর গ্রামের মানুষ দুজনকে পিটুনি দিলে তারা ঘটনাস্থলেই মারা যান। লাশের পাশ থেকে দুটি হাত বোমা ও দুটি হাসুয়া উদ্ধার করেছে পুলিশ।”

এরপর রাত সাড়ে ১১টার দিকে পুলিশ বলেশ্বরপুর-কাথুলি সড়ক থেকে লাশ থানায় নিয়ে যায়। রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে বলে জানান ওসি।

তিনি জানান, এ ঘটনায় অজ্ঞাত পরিচয় দেড়শ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।