অনুদানের প্রথম কিস্তি পেল বাংলাদেশ
ঋণ চুক্তির আওতায় অনুদানের ২০ কোটি ডলারের প্রথম কিস্তি হিসাবে পাঁচ কোটি ডলারের চেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ।
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করার পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এই চেক হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান।
শনিবার বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শমূলক কমিশনের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা ঋণচুক্তির আওতায় অগ্রাধিকারমূলক প্রকল্পের জন্য অনুদানের প্রথম কিস্তি হিসেবে পাঁচ কোটি ডলার হস্তান্তরে প্রস্তুত।”
১৬ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে দুই পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ ও দীপু মনি
২০১০ সালের অগাস্টে একশ’ কোটি ডলারের ঋণচুক্তি করে ভারত ও বাংলাদেশ। এই একশ’ কোটি ডলার ঋণের মধ্যে অনুদান হিসেবে দেয়া হয় ২০ কোটি ডলার।
প্রথমে এই ঋণের সুদ এক দশমিক ৭৫ শতাংশ ধরা হলেও ২০১২ সালে তা কমিয়ে এক শতাংশে আনা হয়।
চেক হস্তান্তরের সময় অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, ঢাকায় ভারতের হাই কমিশনার পঙ্কজ শরণ, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার তারিক এ করিম, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজ জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
