গণআন্দোলনে একাত্ম চট্টগ্রাম প্রেসক্লাব, বুলেটিন ‘সংহতি’
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সারাদেশে চলমান গণআন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রকাশ করেছে বিশেষ বুলেটিন ‘সংহতি’।
ট্যাবলয়েড সাইজের আট পৃষ্ঠার এই বিশেষ প্রকাশনায় চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য, কর্মকর্তা ছাড়াও চট্টগ্রামের সাংবাদিকরা চলমান আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে নিবন্ধ, কবিতা ও প্রতিবেদন লিখেছেন।
চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যুদ্ধপরাধীদের ফাঁসির দাবিতে সারাদেশের মতো চট্টগ্রামেও প্রতিবাদী তারুণ্য টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে।
সে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে চট্টগ্রামের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা এই গণআন্দোলনের শুরুর দিন থেকে কাজ করছেন।
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে তারুণ্যের এই আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে চট্টগ্রাম প্রেসক্লাব ‘সংহতি’ নামের বিশেষ প্রকাশনাটি বের করেছে বলে জানান মহসিন চৌধুরী।
শনিবার বিকালে আন্দোলনকারীদের মধ্যে বিশেষ এ প্রকাশনাটি বিনামূল্যে বিতরণ করা হয়।
নগরীর জামালখানে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে গত ৫ ফ্রেবুয়ারি থেকে শাহবাগের গণআন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আন্দেলন শুরু করে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ ও অনলাইন অ্যাক্টিভিস্টরা। পরে যা চট্টগ্রামবাসীর সর্বস্তরের মানুষের আন্দোলনে রূপ নেয়।
শুরুর দিন থেকেই এ আন্দোলনে শরিক হওয়ার পাশাপাশি সংবাদ সংগ্রহের কাজ করে যাচ্ছেন সংবাদকর্মীরা।
চট্টগ্রাম প্রেসক্লাব, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের সংগঠনগুলো এ আন্দোলনে একাত্ম থেকে সহযোগিতা করে যাচ্ছেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের বিশেষ বুলেটিন ছাড়াও নগরীর প্রেসক্লাব চত্বরের গণজাগরণ মঞ্চে অংশ নেয়া সাধারণ মানুষ নিজস্ব উদ্যোগে ‘গণরায়’, ‘রাজপথ’, ‘পদাতিক’, ‘আমরা করবো জয়’ নামে পৃথক বুলেটিন বের করছে প্রতিদিন।
এসব বুলেটিনে আন্দোলনের প্রতিদিনের খবর দেয়া ছাড়াও ব্যঙ্গচিত্র, কার্টুন, প্রবন্ধ, কবিতা, ছড়া, মতামত প্রকাশিত হচ্ছে।
