ব্লগার খুন: নাটোরে স্কুল শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজধানীতে ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের প্রতিবাদে নাটোরে স্কুল শিক্ষর্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। তাদের সঙ্গে ওই সময় বিদ্যালয়ের শিক্ষকরাও ছিলেন।
শনিবার শহরের শের-ই-বাংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসচিতে অংশ নেন।
সমাবেশে তারা যুদ্ধাপরাধীদের নির্মূল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ গ্রহণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টায় শিক্ষার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেন। পরে ব্লগার রাজীবের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করেন।
এরপর প্রধান শিক্ষক আব্দুল কাদের যুদ্ধাপরাধীদের ফাঁসির রায়সহ জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য শিক্ষার্থীদের শপথ পাঠ করান।
এ সময় শিক্ষার্থীরা সমস্বরে এই আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন। সেইসঙ্গে অবিলম্বে রাজীব হায়দারের হত্যাকারীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে শিক্ষক ও শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করেন।
শুক্রবার রাতে রাজধানীর পল্লবীতে নিজ বাসার সামনে খুন হন ব্লগার স্থপতি রাজীব হায়দার। শাহবাগ আন্দোলনের সক্রিয় কর্মী রাজীব থাবা বাবা নামে ব্লগ লিখতেন।
