২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গানে-স্লোগানে কাটে উদ্বেগহীন রাত

প্রতিবাদী গান, কবিতা, স্লোগানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গণজাগরণের কেন্দ্র হয়ে ওঠা শাহবাগে কেটে যায় একেকটা রাত।

সুলাইমান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 11:57 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

আর প্রত্যেক ভোরে জাতীয় সঙ্গীত গেয়ে একাত্তরের শহীদদের রক্তের ঋণ শোধের দাবি জানিয়ে নতুন দিন শুরু করে আন্দোলনকারীরা।

কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি আন্দোলন শুরুর পর প্রথম রাতে রাতে শাহবাগে নির্ঘুম রাত কাটায় কয়েকশ' মানুষ। এর পর প্রতিদিনের মতো রাতেও বাড়ছে মানুষের উপস্থিতি। বাড়ছে নারীদেরও উপস্থিতিও।

পরিবার-পরিজন নিয়েও শাহবাগে আসছেন অনেকেই। দেখছেন মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী।

স্বাধীনতা আন্দোলনের উত্তাল দিনগুলোতে যেসব গান আর স্লোগানে প্রাণ বেঁধেছিল বাঙালি, সেইসব পংক্তি আর প্রতিবাদী সুরই জাগিয়ে রাখছে শাহবাগে জড়ো হওয়া এই আন্দোলনকারীদের।

গান স্লোগানের মধ্যেই চলে রাতের খাবারের আয়োজন। গণচাঁদা তুলে দুপুর আর রাতের খাবারের আয়োজন করে স্লোগান’৭১। লাইনে দাড়িয়ে সুশৃঙ্খলভাবে এই খাবার প্রতিদিন সংগ্রহ করেন আন্দোলনকারীরা।

এছাড়া প্রতিদিনই বিভিন্ন ব্যক্তি ও সংগঠন সংহতি জানাতে আসার সময় এখানে দিনরাত অবস্থানকারীদের জন্য নিয়ে আসেন খাবার। দূর দূরান্তের গ্রাম থেকে শীতের পিঠা বানিয়েও পাঠিয়েছে অনেক মা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কেন্দ্রীক সংগঠনগুলোর উদ্যোগে 'সাইবার যুদ্ধ' রাতে আরো বেশি জমে উঠে। শাহবাগের মূল ছাউনিতেই প্রায় অর্ধ শতাধিক ল্যাপটপে সাইবার যোদ্ধারা শামিল থাকে এই যুদ্ধে।

শাহবাগে প্রায় নয় রাত কাটানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অধিকার মঞ্চের অন্যতম সংগঠক নূরে আলম দুর্জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রথম দিন মধ্যরাতে আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগাররা যখন মঞ্চ থেকে ঘোষণা দেন, আমরা এখন সবাই চলে যাবো; কাল সকালে আসবো। সেদিন আমরা বলেছিলাম, আপনারা যারা যেতে চান, তারা চলে যান। সকালে আপনাদের সঙ্গে দেখা হবে। আমরা অনেকেই মানসিকভাবে সারা রাত থাকার প্রস্তুতি নিয়ে এসেছি। আমরা খাকবো।”

তিনি জানান, মূলমঞ্চের স্লোগানে স্লোগান ধরে, গানে তাল-সুর দিয়ে একদল মানুষ সারা রাত কাটিয়ে দেয়। আবার ছোট ছোট গ্রুপে ভাগ হয়েও অনেকে গানে-স্লোগানে রাত কাটান। এই সব দলে দুই চারজন থেকে শুরু করে ২০-৪০জনকেও দেখা যায়।

বুধবার রাতে শাহবাগ আসা হামিদা বানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের পরিবারের সবাই সেখানে আলাদাভাবে আলাদাভাবে বিভিন্ন সময়ে সেখানে গিয়েছি। কিন্তু একত্রে যাওয়া হয়নি। তাই এই আন্দোলনে পারিবারিকভাবে সংহতি প্রকাশের জন্য রাতকেই মোক্ষম সময় বলে মনে হয়েছে।"

স্বামী-পুত্র-কন্যা-নাতি-নাতনিদের নিয়ে আসা এই পঞ্চাশোর্ধ নারী বলেন, “আমার মনে হয়, এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এই যুদ্ধে আমাদের পরিবারের তিন প্রজন্ম একত্রে এসেছি। এখানে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আমরা একত্রে গেয়েছি, স্লোগান ধরেছি।”

সাবেক ছাত্রনেতা, বর্তমানে চাকুরিজীবী ও এই আন্দোলনে অংশগ্রহণকারী সাদ্দাম হোসেন বলেন, আমাদের সমাজে বদ্ধমূল কিছু ধারণা কারণে নারীরা রাতে বাইরে থাকলে নারী পুরুষ একসাথে খাকলে তা সংশ্লিষ্টদের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। এই আন্দোলনে সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে।

“এই আন্দোলনে রাতের পর রাত নারীদেরকে অংশ নিতে দেখেছি, কারো মনেই ভয়ের বিন্দুমাত্র দেখিনি।”

যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে এই আন্দোলন গড়ে উঠেছে সেখানেও ‘নিরাপত্তা’র কারণে নারী শিক্ষার্থীদেরকে রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হলে ফিরে যেতে হয়।

এই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের হলে ফিরার ক্ষেত্রে নারী পুরুষ শিক্ষার্থীদের যে বৈষম্য রয়েছে, এই আন্দোলন তার প্রতি একটা চপেটাঘাত।

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা দিলশাদ হোসেন দোদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নারীদের নিরাপত্তার যে বিষয়টি নিয়ে সাধারণত এদেশে একটি সামাজিক উদ্বেগ কাজ করে। আন্দোলনের ১০ রাত পর আজ বলতেই পারি দ্বিতীয় প্রজন্মের এই মুক্তিযুদ্ধ সেই উদ্বেগের বাইরে আসতে পেরেছে।

“গত এই দশদিনে আন্দোলন ও এর আশেপাশের এলাকায় কোন নারীকে হয়রানি বা নিপীড়নের একটি ঘটনাও ঘটেনি। এমনকি একটি টিজের ঘটনা ঘটেছে বলে কেউ অভিযোগ করেনি। এই আন্দোলনই একমাত্র জায়গা যেখানে এভাবে নারীরা পুরুষদের সঙ্গে নিরাপত্তার কোন উদ্বেগ ছাড়াই নি:শঙ্কচিত্তে অংশ নিতে পারছে। এটা কেউ করে দেয়নি বা বলে দেয়নি। যেই চেতনা থেকে এই আন্দোলন গড়ে উঠেছে এটা তারই অংশ।”

গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় আসার পর তা প্রত্যাখ্যান করে ফাঁসির দাবিতে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক। ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে।   

সেই থেকে জাগ্রত জনতা রাতদিন শাহবাগে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে আসছে- ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই।’