সেফটি ট্যাঙ্কিতে নৈশ প্রহরীর জবাই করা লাশ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কারখানার সেফটিক ট্যাঙ্ক থেকে শুক্রবার এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শাহাবুদ্দিনের (৬০) বাড়ি মুন্সীগঞ্জ সদরের পশ্চিমপাড়ায়। তিনি উপজেলার জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার ইভেন্স সুইস ফ্যাক্টরির নৈশ প্রহরী ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার অন্য দুই নৈশ প্রহরী ফারুক ও সামাদকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেল ৪ টা থেকে রাত ১২টা পর্যন্ত ডিউটি ছিল শাহাবুদ্দিনের। রাত ১২টার দিকে অপর নৈশ প্রহরী সামাদ কারখানায় এসে দেখেন ভেতর থেকে গেইটে তালা লাগানো। ডাকাডাকির পর সাড়া না পেয়ে সামাদ দেয়াল টপকে ভেতরে যান। কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও শাহাবুদ্দিনকে পাননি।
ভোর সাড়ে ৬টার দিকে সেফটিক ট্যাঙ্কের পাশে শাহাবুদ্দিনের জুতা, রুমাল ও কাঁচি দেখতে পেয়ে ঢাকনা খুলে লাশ দেখতে পান সামাদ। পরে খবর দিলে ১২টা দিকে পুলিশ গিয়ে শাহাবুদ্দিনের লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য শাহাবুদ্দিনের মৃতদেহ নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
