শাহবাগে সংহতিতে হুমায়ূনের মা
শাহবাগের গণজাগরণ মঞ্চে এসে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে একাত্মতা জানালেন প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা ও শহীদজায়া আয়েশা ফয়েজ।
আয়েশা ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার বলার মতো শক্তি নাই। নতুন প্রজন্মের দাবিই আমার দাবি। তাদের মতো আমিও যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই।”
অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল বলেন, “তরুণ প্রজন্মকে নিয়ে আমার সন্দেহ ছিল- তারা দেশের জন্য কিছু করতে পারবে কি না। আমার সন্দেহের কারণ ছিল তারা একাত্তর দেখে নাই। তারা আমার সন্দেহকে ভুল প্রমাণ করেছে। আমি দেখতে পাচ্ছি মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের গভীর ভালোবাসা এবং যুদ্ধাপরাধীদের প্রতি তাদের তীব্র ঘৃণা।”
১৯৭১ সালে পিরোজপুরের এসডিপিও হিসেবে কর্মরত থাকা অবস্থায় তাদের বাবা ফয়জুর রহমান আহমেদকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে পাকিস্তানি বাহিনী।
শিক্ষক জাফর ইকবালের বিশ্বাস, তরুণদের এই জাগরণের ফলে আগামী ৪০ বছর দেশবিরোধীরা আর কিছু করতে পারবে না।
বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার ও গণজাগরণ নিয়ে বিদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের বিরূপ প্রচার নিয়ে শঙ্কিত না হওয়ার জন্যও তরুণদের প্রতি পরামর্শ দেন তিনি।
