২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহেশখালীতে কথিত বন্দুকযুদ্ধে ‘ডাকাত’ নিহত

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে এক ‘ডাকাত’ নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 04:04 AM

Updated : 23 Aug 2022, 10:13 AM

Image
র‌্যাবের অভিযানে উদ্ধার করা অস্ত্র

র‌্যাবের অভিযানে উদ্ধার করা অস্ত্র

শুক্রবার ভোরে উপজেলার কালুব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কাশেম (৩২), উপজেলার নোনাছড়ি কামাড়ছড়া এলাকার সৈয়দ আহামদের ছেলে।

র‌্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তার নেতৃত্বে র‌্যাবের একটি দল ভোর ৪টার দিকে সেখানে অভিযান চালায়। এ সময় ‘ডাকাতরা’ গুলি শুরু করলে র‌্যাবও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে কাশেমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে দুটি দোনলা বন্দুক, দুইটি এক নলা বন্দুক, ১২টি কার্তুজ ও চারটি রাম দা উদ্ধার করা হয় বলে নূরুজ্জামান জানান।

র‌্যাব-৭ এর স্টাফ অফিসার এএসপি মফিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশেমের সঙ্গে ২০১১ সালেও একবার র‌্যাবের বন্দুকযুদ্ধ হয়। সে সময় তিনি আহত হয়েছিলেন।

এই পুলিশ কর্মকর্তা জানান, ‘কালা বদা’ ও ‘কালা জাহাঙ্গীর গ্রুপ’ নামে পরিচিত স্থানীয় দুটি সন্ত্রাসী দলের সঙ্গে কাশেমের সম্পৃকতা ছিল। হত্যা, ডাকাতি, অপহরণ, পুলিশের ওপর হামলাসহ ২৫টি মামলা রয়েছে তার বিরুদ্ধে।