২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামব্রিয়ানে নির্যাতন খতিয়ে দেখছে পুলিশ

শাহবাগে গণজাগরণ কর্মসূচিতে যেতে চাওয়ায় ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের নির্যাতনের ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 07:04 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

নির্যাতনের অভিযোগে বুধবার গুলশান থানায় এক শিক্ষার্থী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

থানার ওসি ওসি রফিকুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

“দুই পক্ষই স্ব স্ব অবস্থানে রয়েছে। যেহেতু এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, তাই গুরুত্বের সাথে দেখা হচ্ছে।”

Image
শাহবাগের বিক্ষোভে আগের দিনগুলোর মতো বৃহস্পতিবারও সরব অংশগ্রহণে শিশুরা।

শাহবাগের বিক্ষোভে আগের দিনগুলোর মতো বৃহস্পতিবারও সরব অংশগ্রহণে শিশুরা।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে আন্দোলনে রাজধানীর বিভিন্ন স্থান থেকে স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে।

বুধবার ক্যামব্রিয়ান স্কুল ও কলেজের একদল শিক্ষার্থী ওই কর্মসূচিতে একাত্মতা জানাতে চাইলে শিক্ষকদের বাধার মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে। 

এই বিষয়ে জানতে চাইলে ক্যামব্রিয়ানের চেয়ারম্যান এম কে বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনজন ছাত্র স্কুলের নিয়ম ভঙ্গ করায় তাদেরকে বেত্রাঘাত করেছি।”

তার ভাষায়, এক শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোন থাকায়, এক শিক্ষার্থীর ‍চুল বড় থাকায় এবং অন্যজনের কাছে স্কুল অনুমোদিত ব্যাগ না থাকায় তাদের ‘শাসন’ করা হয়েছে।

শিক্ষার্থী নির্যাতনে সরকারের নিষেধের কথাটি জানানো হলে বাশার বলেন, “তাদেরকে শাসন করেছি।”

শিক্ষার্থীদের শাহবাগ যেতে বাধা দেয়ার কথা অস্বীকার করে তিনি বলেন, “শিক্ষার্থীদের কোনো স্থানে নিয়ে যেতে হলে অভিভাবকদের পুর্ব অনুমতি প্রয়োজন।

“এ অনুমতি না নিয়েই শাহবাগ যাওয়ার জন্য ২৫ জন ছাত্র জড়ো হলে কর্মকর্তারা তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে আনে।”

কোনো শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেয়া হয়েছে কি না- জানতে চাইলে বাশার বলেন, “কাউকে টিসি দেয়া হয়নি।”

ক্যামব্রিয়ান কর্তৃপক্ষ শাহবাগে গিয়ে সংহতি জানিয়েছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “সবাই ব্যক্তিগতভাবে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে শাহবাগে গিয়ে সংহতি প্রকাশ করা হয়নি।”

বুধবার আরাফাত হোসেন নামে এক ছাত্র ক্যামব্রিয়ান কলেজের কর্তৃপক্ষের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন।

এতে বলা হয়েছে, শাহবাগের আন্দোলনে যেতে চাওয়ায় তাকেসহ কয়েকজন শিক্ষার্থীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে কর্তৃপক্ষ।

জিডির বিষয়ে ক্যামব্রিয়ানের চেয়ারম্যান বলেন, “এর পেছনে অসৎ উদ্দেশ্য থাকতে পারে। জিডিতে যা বলা হয়েছে, তা ভিত্তিহীন, অতিরঞ্জিত ও বানোয়াট।”