গণসমাবেশ থেকে ফেরার পথে ছাত্রলীগ কর্মীকে ছুরিকাঘাত
যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে গণজাগরণ মঞ্চ থেকে ফেরার পথে এক ছাত্রলীগ কর্মীর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে নগরীর সাগর দিঘীর পাড়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ফিরোজ আহমেদের উপর হামলা হয় বলে সংগঠনটির একাধিক নেতা জানিয়েছেন।
ফিরোজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক শামসুজ্জামান চৌধুরী সুমনের সমর্থক ও পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর সাগরদিঘীর পাড়ে তার মেসের সামনে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে হামলাকারী হিসেবে সন্দেহভাজন কারো নাম বলেলনি ওই সাবেক ছাত্রলীগ নেতা।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিলয় চন্দ্র সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার সঙ্গে কারা জড়িত এখনো জানা যায়নি।
হামলাকারী যারাই হোক তাদের অচিরেই গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি।
