সরকারি গাছ কাটার এক সপ্তাহ পর শুধুমাত্র জিডি
টঙ্গী-কালীগঞ্জ সড়কে সরকারি গাছ কেটে নেয়ার এক সপ্তাহ পরও সড়ক ও জনপথ বিভাগের বিরুদ্ধে শুধুমাত্র জিডি করে দায় এড়ানোর অভিযোগ ওঠেছে।
বনবিভাগের বাঁধার মুখে সড়কের পাশে অর্ধেক গুড়ি কাঁটা গাছগুলো একটু জোরে বাতাস বইলে ভেঙ্গে যে কোন সময় পথচারী, যানবাহন কিংবা বৈদ্যুতিক লাইনের ওপর ভেঙ্গে পরে বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশংকা করা হচ্ছে।
স্থানীয় খিলগাঁও এলাকার আরিফ হোসেন জিয়া অভিযোগ করেন, একটি প্রভাবশালী মহল ভুয়া কাগজপত্র তৈরি করে পূবাইল কলেজের পূর্বদিকে টঙ্গী-কালীগঞ্জ সড়কের দু’পাশের অর্ধশত গাছ কেটে নিয়ে গেছে। তারা বেশ কিছু গাছ স্থানীয় কাঠ ব্যবসায়ী ও কাঠ চেরাই কলে বিক্রি করে দিলেও তা উদ্ধারে সড়ক বিভাগের কোন উদ্যোগ নেই।
গাছ কেটে নেয়ার সময় বনবিভাগের কর্মকর্তারা বাঁধা দিলে গাছ খেঁকোরা অর্ধেক কাঁটা বড় বড় গাছ ফেলে রেখে চলে গেছে।
এ ব্যাপারে সড়ক ও জনপথের টঙ্গী সড়ক উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এসএম কামরুজ্জামান জানান, টঙ্গী সড়ক বিভাগের আওতাধীন টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল সড়কের বশুগাঁও থেকে পূবাইল ব্রীজ পর্যন্ত (৯ম কি. মি. ও ১০ম কি.মি) অংশে ৬ ফেব্রুয়ারি হরতাল চলাকালে কে বা কারা ৩০টি গাছ কেটে নিয়ে গেছে। কিছু গাছ অর্ধেক কাটা অবস্থায় রয়েছ। এসব গাছ রাস্তার ওপর পড়ে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে।
এসএম কামরুজ্জামান বাদি হয়ে গত ১০ ফেব্রুয়ারি জয়দেবপুর থানায় জিডি করেছেন। গাছ কাটার ‘ভুয়া’ কাগজ-পত্রে সংশ্লিষ্টদের নাম থাকলেও তাদের বিরুদ্ধে মামলা না করে কেন অজ্ঞাতদের উল্লেখ করে জিডি করা হলো এ ব্যাপারে জানতে চাইলে প্রকৌশলী এসএম কামরুজজামান বলেন, “এটাই আমাদের নিয়ম। প্রথমে জিডি, পরে পুলিশ তদন্ত করে জড়িতদের খুঁজে বের করবে এবং জিডিটি মামলায় রূপ নেবে।”
পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মি.আলী জানান, সড়কের গাছ কেঁটে নেয়ার কথা শুনলেও এব্যাপারে থানায় জিডি বা মামলার কোন তথ্য তার জানা নাই।
বনবিভাগের মৌচাক রেঞ্জের রেঞ্জার মো. তোসাদ্দেক হোসেন বলেন, “আমরা গাছ কাটার কোন বৈধ কাগজপত্র পাই নি। তাই বনবিভাগের পক্ষ থেকে ওই গাছ কাটতে নিষেধ করি।”
