তারেকের মুদ্রা পাচার মামলায় ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
তারেক রহমানের বিরুদ্ধে মুদ্রা পাচার মামলায় আদালতে সাক্ষ্য সোনালী ব্যাংকের এক কর্মকর্তা।
রাষ্ট্রায়ত্ত এই ব্যাংকের ঢাকা সেনানিবাস শাখার শাখার উপ-ব্যবস্থাপক (ডিজিএম) নজরুল ইসলাম বৃহস্পতিবার ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে সাক্ষ্য দেন।
নবম সাক্ষী নজরুল ইসলামের সাক্ষ্য গ্রহণের পর বিচারক মো. মোজাম্মেল হোসেন পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ মার্চ দিন ঠিক করেছেন।
নজরুলে সাক্ষ্য গ্রহণের আগে সোনালী ব্যাংকের ওই শাখার কর্মকর্তা সৈয়দ এহসানুল হাফিজকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তিনি গত ১৭ জানুয়ারি সাক্ষ্য দিয়েছিলেন।
তারেকের সঙ্গে এই মামলায় তার বন্ধু গিয়াসউদ্দিন আল মামুনও আসামি। বৃহস্পতিবারও তাকে কারাগার থেকে আদালতে নেয়া হয়।
টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ পাইয়ে দিতে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের মালিক খাদিজা ইসলামের কাছ থেকে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা নিয়ে তা সিঙ্গাপুরে পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন এই মামলা করেছে।
২০০৯ সালের ২৬ অক্টোবর ক্যান্টনমেন্ট থানায় মামলাটি দায়েরের পর ২০১১ সালের ৬ জুলাই অভিযোগপত্র দেয়া হয়।
২০১১ সালের ৮ আগস্ট তারেক রহমানকে পলাতক দেখিয়ে এই মামলায় অভিযোগ গঠন হয়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
