অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, মামলা
অবহেলায় নবজাতক মৃত্যুর তিন দিন পর কিশোরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের এক চিকিৎসকসহ পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে মামলা হয়েছে।
অভিযুক্ত চিকিৎসক হলেন হোসনা আক্তার। পরিদর্শিকার নাম শামছুন্নাহার হ্যাপি।
বৃহস্পতিবার কিশোরগঞ্জ ১ নং আমল গ্রহনকারী আদালতে মামলাটি করেন মো. ছাইদুর রহমান রতন। বাদী এতে অবহেলা জনিত হত্যার অভিযোগ এনেছেন। ছাইদুর সম্পর্কে নবজাতকের মা হিরামনির(২৫) চাচা শ্বশুর।
মামলাটিকে এফআইআর হিসেবে গণ্য করে আগামী ২ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেয়ার জন্য মডেল থানার ওসি মীর মোশারফ হোসেনকে নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলী আহসান।
কিশোরগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমানের নির্দেশে এরই মধ্যে বুধবার সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত শামছুন্নাহার হ্যাপিকে।
এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, সোমবার সকালে হিরামনিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক হোসনা বেগম পরীক্ষা করে রোগীর অবস্থা ভাল বলে জানান। বিকালে অবস্থার অবনতি হলে ক্লিনিকের আয়া সেলিনা আক্তার শোভার সহায়তায় রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান ভিজিটর হ্যাপি। তিনি চিকিৎসকের অনুপস্থিতেই নিজেই অপারেশনের চেষ্টা চালান এবং কাটাছেড়া করে মৃত সন্তান বের করেন।
এর আগে জানুয়ারির শেষ সপ্তাহে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ঝাড়ুদারের ইনজেকশনে তৃতীয় শ্রেণির ছাত্রী ইমার মৃত্যুর অভিযোগ ওঠেছিল, যা এখনো তদন্তাধীন।
