‘সুন্দরবন দিবস’ পালন
বাগেরহাট পালিত হল ‘সুন্দরবন দিবস’।
সুন্দরবনের সম্পদের সুরক্ষা ও দুর্নীতিমুক্ত সুন্দরবন ব্যবস্থাপনার দাবির মধ্য দিয়ে বৃহস্পতিবার যৌথভাবে দিবসটি আয়োজন করে বাগেরহাট প্রেসক্লাব, বাগেরহাট জেলা প্রশাসন ও সুন্দরবন পূর্ববিভাগ।
এ উপলক্ষে শহরে শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করে সংগঠকরা। প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে বাগেরহাট স্বাধীনতা উদ্যান মঞ্চে হয় এই সভা।
এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী।
প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা অংশ নেন অনুষ্ঠানে।
সুন্দরবনের সম্পদের সুরক্ষা ও পরিকল্পিত ও সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সুন্দরবনের প্রতি দেশ বিদেশের মানুষের মনোযোগ আকর্ষণের লক্ষ্যে ২০০১ সালে খুলনা বিশ্ববিদ্যালয়, বেসরকারি সংগঠন রূপান্তর ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সহ দেশের অর্ধ শতাধিক বিভিন্ন সংগঠন খুলনায় ‘জাতীয় সুন্দরবন সম্মেলন’ আয়োজন করে।
সেখান থেকেই প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবসে ‘সুন্দরবন দিবস’ উদযাপনের ঘোষণা আসে। আয়োজকরা প্রথম থেকে দিবসটি জাতীয়ভাবে পালনের দাবি জানিয়ে আসছে।
২০০২ সাল থেকে বাগেরহাটসহ সুন্দরবন সংলগ্ন জেলাগুলোতে প্রেসক্লাব ও বিভিন্ন বেসরকারি উদ্যোগে এই দিবসটি পালন করা হচ্ছে। এ বছরই প্রথম সুন্দরবন দিবস উদযাপনে কোনো সরকারি প্রতিষ্ঠান আয়োজক হিসেবে সরাসরি সম্পৃক্ত হল।
অনুষ্ঠানে আর্থিক সহযোগিতায় রয়েছে-পূর্ব বিভাগের ‘সুন্দরবন এনভায়রনমেন্টাল এন্ড লাইভলিহুড সিকিউরিটি প্রকল্প (সিলস) এবং বেসরকারি সংগঠন ‘সেভ দি সুন্দরবনস’।
রূপান্তরের পরিচালক রফিকুল ইসলাম বলেন, “বাগেরহাটে সুন্দরবন দিবস আয়োজনে সুন্দরবন পূর্ব বিভাগের স্বক্রীয় সম্পৃক্ততা ও আর্থিক সহযোগিতা প্রশংসনীয়। এর ফলে রাষ্ট্রীয়ভাবে সুন্দরবন দিবস উদযাপনের দাবিতে এক ধাপ অগ্রগতি হয়েছে। আমাদের দাবির যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয়েছে।”
