টেকনাফে বিশেষ অভিযান, ৪২ আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন মামলার ৪২ আসামিকে গ্রেপ্তার করেছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এ অভিযান চলে।
এছাড়া বৃহস্পতিবার সকালে এক ডাকাতের আস্তানায় হানা দিয়ে অস্ত্র-গুলিসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার।
তিনি জানান, সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের সাবরাং ইউনিয়নের গোলাপাড়ার ল্যাইল্লা ডাকাতের বাড়িতে অভিযান চালিয়ে একটি রাইফেল, চারটি দেশি এলজি বন্দুক, চার রাউন্ড গুলি, দুটি রাম দা ও চারটি ছাকু উদ্ধার করা হয়েছে।
এ সময় আটক করা হয়েছে গোলাপাড়ার আবদুল জলিলের স্ত্রী সুফিয়া বেগম (৫০), তার মেয়ে হাসিনা বেগম (২২), নয়াপাড়া এলাকার আবদুল মাজেদের ছেলে মোহাম্মদ ইব্রাহিম (২২) ও সোনা আহমদের ছেলে ছৈয়দ আলম (২৩)।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
