২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের হামলায় আহত ব্যাংক কর্মচারীর মৃত্যু

জামায়াতে ইসলামী কর্মীদের হামলায় আহত এক ব্যাংক কর্মচারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 09:28 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

Image
বুধবার দৈনিক বাংলা মোড়ে একটি বাস পুড়িয়ে দেয় জামায়াত কর্মীরা

বুধবার দৈনিক বাংলা মোড়ে একটি বাস পুড়িয়ে দেয় জামায়াত কর্মীরা

নিহত  জাফর মুন্সি (৩৬) মতিঝিলে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের লিফট চালক ছিলেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর গ্রিনলাইফ হাসপাতালে তার মৃত্যু হয়।

আগের দিন সকালে মতিঝিলে ভাংচুর ও হাতবোমা বিস্ফোরণের সময় শিবির কর্মীরা জাফরের ওপর হামলা চালায়।

কাদের মোল্লার ফাঁসির দাবি সম্বলিত পোস্টার ছিড়তে বাধা দেয়ায় জাফরের মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয় বলে পুলিশ জানায়।

মতিঝিল থানার উপপরির্শক (এসআই) মো. নাহিদ আহাম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার জামায়াত-শিবিরের তাণ্ডবের সময় জাফর কয়েকজনকে বাধা দেন। তখন জামায়াত-শিবিরকর্মীরা লাঠি দিয়ে আঘাত করলে তিনি মারাত্মক আহত হন।”

প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে গ্রিন লাইফ হাসাপাতালে ভর্তি করা হয়। সেখানেই সকাল সাড়ে ১০টার দিকে মারা যান জাফর।

অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শিবির কর্মীরা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে টাঙানো পোস্টার ছিড়ে ফেলে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে অগ্রণী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী সমিতির পক্ষ থেকে ওই পোস্টার লাগানো হয়েছিল।

“পোস্টার ছেড়ার সময় কর্মচারীরা বাধা দিলে শিবির কর্মীরা জাফরকে ধরে নিয়ে রাস্তায় ফেলে মারপিট করে। পরে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে তারা পালিয়ে যায়।”

জাফরের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলায়। ১৯৮৮ সাল থেকে অগ্রণী ব্যাংকে চাকরি করছিলেন তিনি। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

পুরনো খবর:

জামায়াতের ৩ শতাধিক কর্মী রিমান্ডে