২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের ৩ শতাধিক কর্মী রিমান্ডে

ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের তিন শতাধিক কর্মীকে রিমান্ডে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 04:37 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

বৃহস্পতিবার তাদের সঙ্গে আরো শতাধিক কর্মীকে ঢাকার আদালতে তোলা হলেও বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও আটক নেতাদের মুক্তি দাবিতে বিক্ষোভ থেকে গত কয়েকদিন ধরে গাড়ি ভাংচুর ও পুলিশের ওপর হামলা চালিয়ে আসছে জামায়াত-শিবিরকর্মীরা।

বুধবার এই ধরনের ঘটনায় গ্রেপ্তার কর্মীদের বৃহস্পতিবার বিভিন্ন থানা থেকে আদালতে পাঠানো হয়। তাদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের ওপর হামলা, বিস্ফোরণ ঘটিয়ে, জনমনে আতঙ্ক সৃষ্টি করাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

পল্টন থানার একটি মামলায় ১৪৩ জন আসামির মধ্যে ১২৯ জনের দ্রুত বিচার আইনের মামলায় ৪ দিনের রিমান্ড এবং একই আসামিদের দ-বিধির মামলায় ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

ওই মামলার অন্য ১৪ আসামির রিমান্ড আবেদন না থাকায় তাদের কারাগারে পাঠিয়ে দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মাদ আলী হোসেইন।

একই বিচারক মতিঝিল থানায় দ্রুতবিচার আইনের মামলায় ৯৯ জনকে ৪ দিন এবং একই আসামিদের দ-বিধির মামলায় ৪ দিন রিমান্ডের আদেশ দেন।

যাত্রাবাড়ী থানার দ্রুতবিচার আইন এবং দ-বিধির দুই মামলায় ১০ জন আসামিকে ৪ দিন করে ৮ দিনের রিমান্ডে দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. শহীদুল ইসলাম।

এছাড়াও রমনা থানার ৩০ জন, তেজগাঁও থানায় ৩৪ জন, বংশাল থানার ৮ জনের মধ্যে কিছু সংখ্যককে রিমান্ডে পাঠানোর আদেশ হয়। বাকিদের কারাগারে পাঠানো হয়।