নারায়ণগঞ্জে মন্দিরে হামলা, প্রতিমা ভাংচুরের অভিযোগ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে তরুণীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে দুটি মন্দিরে হামলা ও প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয় লোকজন তিন জনকে আটক করলেও পুনরায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে তাদেরকে ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার বেলা ১১টার দিকে গোপালদী পৌরসভার কলাগাছিয়া পুর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার রাতে উপজেলার গোপালদী পৌরসভার রতগহরদী কলাগাছিয়া পুর্বপাড়া গ্রামে রক্ষাকালি মন্দিরে কালি পূজার আয়োজন করা হয়।
রাত সাড়ে ৯টার দিকে ভিটি কলাকাছিয়া গ্রামের হাবু ও তার দুই সহযোগী পূজামন্ডপে গিয়ে ওই গ্রামের দুই তরুণীকে উত্ত্যক্ত করে। ওই সময় হাবুকে গালমন্দ করে রতন দাসের ছেলে চন্দন দাস।
এর জের ধরে বুধবার বেলা ১১ টার দিকে ভিটি কলাগাছিয়া গ্রামের হাবু মিয়া ও আশিকের নেতৃত্বে ১৪/১৫ জনের একদল সন্ত্রাসী নসিমনযোগে এসে কালি মন্দির এবং শীতলা মন্দিরে হামলা চালায় ও তিনটি প্রতিমা ভাংচুর করে।
খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে সন্ত্রাসী আশিক, জুনায়েদ ও আরিফকে নসিমনসহ আটক করে। পরে তাদের সহযোগীরা পুনরায় হামলা চালিয়ে তাদেরকে ছিনিয়ে নিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি সৈয়দ নজরুল ইসলাম আরো জানান, কালিমন্দির কমিটির সভাপতি সহদেব দাস বাদী হয়ে তিন জনের নামসহ ১৪/১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
