২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বসন্তবরণেও ফাঁসির দাবি

প্রতিবাদী গান, কবিতা আর যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানের মধ্য দিয়ে বসন্তকে বরণ করছে চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 12:15 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার পহেলা ফাল্গুনের প্রথম প্রহর থেকেই নগরীতে বসন্ত উৎসবের আয়োজন করে বিভিন্ন সংগঠন। শাহবাগের মতোই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে শুরু হয় এসব অনুষ্ঠান।

বন্দরনগরীর ডিসি হিল চত্বরে বোধন আবৃত্তি পরিষদ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) চারুকলা ইন্সটিটিউটে পৃথক বসন্ত উৎসবের আয়োজন করে প্রমা আবৃত্তি সংগঠন।

অনুষ্ঠানের দুটি মঞ্চ থেকেই কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসির দাবি তোলা হয়।

সকাল থেকেই হলুদ শাড়ি ও বাসন্তী রঙের পাঞ্জাবি, ফতুয়া, জামা পড়ে বসন্তবরণে যোগ দেন তরুণ-তরুণীরা।যুদ্ধাপরাধীদের ফাঁসি ও পরিবর্তনের দাবিতে সোচ্চার তারা।  

সকাল ৯টায় ‘কৃষ্টি’ নামে একটি সংগঠনের অর্কেস্ট্রা বাদনের মধ্য দিয়ে ডিসি হিলে বোধনের বসন্ত উৎসব শুরু হয়। দিনব্যাপী অনুষ্ঠানের সকালের অংশে গান, ঢোল বাদন, কবিতা আবৃত্তিতে বসন্তের আবাহন ছাড়াও যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে স্লোগান দেয়া হয় মঞ্চ থেকে।

এছাড়া উৎসব মঞ্চের পাশেই যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রতীকী একটি ফাঁসির মঞ্চও স্থাপন করা হয়।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করেন রণজিৎ রক্ষিত, মিহির নন্দী, মালবিকা দাশ, শান্তনু বিশ্বাস, আফরোজা খানম প্রমুখ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটে প্রমা আবৃত্তি সংগঠনের অনুষ্ঠানে চারুকলার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। সকালে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে উৎসবের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের সভাপতি রাশেদ হাসান। তাদের মঞ্চের চারপাশে দেখা যায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড।

অনুষ্ঠানে বাবুল জলদাশ ও তার দলের শিল্পীরা ঢোল বাজায়। এছাড়া কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করেন শিল্পী শ্রেয়সী রায়, আবদুর রহিম, সাদিয়া কবীর, রুখসানা সুবর্ণা, চৈতী মুৎসুদ্দী প্রমুখ।

এছাড়া প্রমা আবৃত্তি সংগঠন  ও ঘুঙুর ললিতকলা একাডেমি, জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা দলীয় আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন।