২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন মিনিট স্তব্ধ বাংলাদেশ

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের আন্দোলনকারীদের ডাকে সাড়া দিয়ে স্তব্ধতা কর্মসূচিতে তিন মিনিট থমকে দাঁড়িয়েছিল বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 04:02 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মঙ্গলবার বিকাল ঠিক ৪টায় এই কর্মসূচি শুরু হয়, চলে তিন মিনিট পর্যন্ত। শাহবাগসহ সারাদেশের মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।

আন্দোলনের কেন্দ্র শাহবাগে এই কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ। বিকাল ৪টা বাজার ঠিক আগ মুহূর্তে রাজধানীর সড়কে সব যানবাহন দাঁড়িয়ে পড়ে, একটি কর্মসূচিতে এই ধরনের সাড়া আগে কখনো দেখা যায়নি।

গত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে  যাবজ্জীবন কারাদ- দেয়ার পর ওই রায় প্রত্যাখ্যান করে শাহবাগ মোড়ে এই আন্দোলন শুরু করে ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক।

ধীরে ধীরে তা রূপান্তরিত হয় জনতার আন্দোলনে। শাহবাগের আন্দোলেনের সঙ্গে সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভ শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ-

সিলেট: কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ স্তব্ধ দাঁড়িয়েছিল যুদ্ধাপরাধী ও রাজাকারদের প্রতি ঘৃনা জানাতে।

নগরীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে শহীদ মিনারে এসে জড়ো হন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মী, শিক্ষক ও ছাত্ররা।

শেরপুর: তিন মিনিট শেরপুরের সবকিছু যেন স্থবির হয়েছিল। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল রেস্তোরাসহ সবখানেই ছিল নীরবতা।

সাতক্ষীরা: শহরের পাকাপুল মোড়ে নির্মিত মুক্তিযুদ্ধের চেতনার মঞ্চ ও তার আশপাশ এলাকায় আগে থেকে জড়ো হওয়া শত শত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্কুল কলেজের শিক্ষক- শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্তব্ধতায় অংশ নেন।

রাজশাহী: ৪টা বাজার দুই মিনিট আগে রাজশাহী মহানগরীর বিভিন্ন রাস্তায় নেমে আসে স্কুল কলেজের ছাত্রছাত্রীসহ সব পেশার মানুষ। যানবাহনের চালক ও যাত্রীরাও গাড়ি থেকে নেমে তাদের সঙ্গে যোগ দেন।

কেউ হাত ধরে, আবার কেউবা লাইন ধরে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

নীরবতা কর্মসূচি শেষে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, আলুপট্টি, কুমারপাড়া, গণকপাড়া, লক্ষীপুর, তালাইমারী, বিনোদপুর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ক্যাম্পাস, রুয়েট, রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় বের করা হয় বিক্ষোভ মিছিল।

মুন্সীগঞ্জ: শহরের শিল্পকলা একাডেমী এলাকায় শতশত মানুষ একত্রিত হয়ে এ কর্মসূচিতে অংশ নেন। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন।

মাগুরা: শহরের চৌরঙ্গী স্কয়ারে জমায়েত হয় প্রজন্ম’ ৭১ এর নেতাকর্মীরা। হাতে হাত ধরে দাঁড়িয়ে যান সবাই। এতে যোগ দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ মহিলা পরিষদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, উদীচীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

জামালপুর: শহরের দয়াময়ী চত্বরসহ সড়ক-মহাসড়কে চালকরা যানবাহন থামিয়ে দেন। রাস্তায় নীরবে দাঁড়িয়ে পড়েন সব শ্রেণির সব বয়সের মানুষ।

গাইবান্ধা: শহরের যে যেখানে ছিলেন সেখানেই থমকে যান ৪টায়। জেলার ছয় উপজেলা সদরসহ প্রত্যন্ত পল্লীগুলোতেও  এ কর্মসূচি পালন করার খবর আসে।

দিনাজপুর: প্রজন্ম হুংকারের উদ্যোগে দিনাজপুরের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে দাঁড়িয়ে পড়েন ঠিক ৪টায়। শহরের চারুবাবুর মোড় থেকে কালিতলা পর্যন্ত সড়কের দু’পাশে শত শত নারী-পুরুষ-শিশুসহ সব বয়সের মানুষ দাঁড়িয়ে যান। রাস্তায় চলাচলকারী সব ধরনের যানবাহন থেমে যায় তিন মিনিট।

সুনামগঞ্জ: কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকার রাস্তায় দাঁড়িয়ে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। ।