চূড়ান্ত হলো থ্রিজি লাইসেন্স নীতিমালা
প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ২০ মিলিয়ন মার্কিন ডলার নির্ধারণ করে তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তি সেবা (থ্রিজি) লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়।
মঙ্গলবার রাতে টেলিযোগাযোগ সচিব আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাইসেন্স নীতিমালা চূড়ান্ত করে মঙ্গলবার সন্ধ্যায় তা বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) পাঠানো হয়েছে।
শিগগিরই থ্রিজি তরঙ্গ নিলামের জন্য বিটিআরসি উদ্যেগ নিবে বলেও জানান টেলিযোগাযোগ সচিব।
চূড়ান্ত নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে সচিব বলেন, একাধিক বিদেশি অপারেটরদের লাইসেন্স দেয়ার চিন্তাভাবনা করলেও সে সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে।
নতুন অপারেটর এলে তাদের টুজি তরঙ্গ বরাদ্দ দিতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে একটির বেশি বিদেশি অপারেটরকে এ বরাদ্দ দেয়া সম্ভব হচ্ছে না বলেও জানান সচিব।
ছয়টি অপারেটরের মধ্যে রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটকের পরীক্ষামূলক থ্রিজি সেবা দিচ্ছে।
খসড়া নীতিমালা অনুযায়ী টেলিটক নিলামে অংশ না নিলেও নিলামে যে দর উঠবে, সে পরিমাণ টাকা দিয়েই লাইসেন্স নিতে হবে।
টেলিটকসহ মোট পাঁচটি অপারেটর থ্রিজি লাইসেন্স পাবে বলে জানান সচিব।
অপারেটররা থ্রিজি লাইসেন্সের মেয়াদ ২০ বছর করার সুপারিশ করলেও চূড়ান্ত নীতিমালায় তা ১৫ বছর করা হয়েছে।
এ বিষয়ে সচিব বলেন, পাশ্ববর্তী দেশগুলোর সঙ্গে সঙ্গতি রেখেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চূড়ান্ত নীতিমালায় ১০ মেগাহার্টজের পরিবর্তে অপারেটরদের নিলামে পাঁচ মেগাহার্টজ তরঙ্গ এর ব্লক দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
৫ মেগাহার্টজ ব্লক দিলে মোট ১০টি ব্লক হবে এবং কম গ্রাহক সংখ্যার অপারেটরাও এ সুযোগ নিতে পারবে।
প্রতি মেগাহার্টজ তরঙ্গ মূল্য ২০ মিলিয়ন মার্কিন ডলার হওয়াতে ১০ মেগাহার্টজ বরাদ্দ নিলে ২০০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন হবে জানিয়ে সচিব বলেন, কম গ্রাহক সংথ্যার অপারেটরা হয়ত ১০ মেগাহার্টজ তরঙ্গ নিতে চাইবে না বা তাদের ব্যবসার জন্য সুবিধা হবে না, এসব অপারেটরদের সুবিধা করে দেয়ার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
খসড়া নীতিমালায় ১০ মেগাহার্টজ করে মোট ৪টি ব্লকে নিলাম হওয়ার কথা ছিল। তবে চূড়ান্ত নীতিমালায় সিদ্ধান্তে মোট ৮টি ব্লকে নিলাম হবে বলে জানান আবু বকর সিদ্দিক।
তরঙ্গ বরাদ্দের ক্ষেত্রে বড় মোবাইল ফোন অপারেটরগুলো দুটি করেও ব্লক নিতে পারবে বলে জানান টেলিযোগাযোগ সচিব।
তবে নিলামের পর কোন ব্লক যদি বাকি থাকে পরে কোন অপারেটর সে ব্লক নিলামের দরে কিনে নিতে পারবে।
থ্রিজি চূড়ান্ত নীতিমালা অনুযায়ী থ্রিজি লাইসেন্স ও তরঙ্গের দাম পরিশোধে বিদেশি বিনিয়োগ হতে হবে জানিয়ে সচিব বলেন, দেশের আইন অনুযায়ী বিদেশি বিনিযোগ যেভাবে করা হয় সেই নিয়ম অনুসরণ করা হবে।
গত ২৮ মার্চ থ্রিজি মোবাইল সার্ভিস লাইসেন্সের খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে জমা দেয় বিটিআরসি। পাঁচটি অপারেটরকে থ্রিজি লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়ে খসড়া নীতিমালা চূড়ান্ত করা হয়।
খসড়া নীতিমালায় বাংলাদেশের বেসরকারি পাঁচ মোবাইল অপারেটরদের মধ্যে তিনটি এবং নতুন এক অপারেটরকে লাইসেন্স দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল।
