চট্টগ্রামে প্রগতিশীল সাংবাদিকদের সংহতি
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে চট্টগ্রামে চলমান আন্দোলনে সংহতি জানিয়েছে প্রগতিশীল সাংবাদিকরা।
মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনে একাত্মতা প্রকাশ করে গণজাগরণ মঞ্চের পাশে মোমবাতি প্রজ্জ্বলন করে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচি থেকে জাতীয় প্রেস ক্লাব থেকে রাজাকার কাদের মোল্লা ও কামারুজ্জামানের সদস্য পদ বাতিলের দাবি জানানো হয়।
চট্টগ্রাম প্রেস ক্লাব সড়কে স্থাপিত ‘গণজাগরণ মঞ্চ- চট্টগ্রাম’ থেকে গত সাত দিন ধরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সমাবেশে চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা বিভিন্ন ভাবে সম্পৃক্ত থাকলেও মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে একাত্মতা প্রকাশ করেন।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তরের চট্টগ্রাম ব্যুরো প্রধান জসীম চৌধুরী সবুজ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে জসীম চৌধুরী সবুজ চট্টগ্রাম প্রেস ক্লাব লাইব্রেরি থেকে গোলাম আজম ও মউদুদির লেখা বই সরিয়ে ফেলার দাবি জানান।
গণজাগরণ মঞ্চের সমাবেশে চট্টগ্রামের স্থানীয় দৈনিক আজাদী কর্তৃপক্ষ ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর প্রকাশিত আজাদী প্রত্রিকার কপি বিতরণ করেন লোকজনের কাছে।
এদিকে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চের দাবির সাথে সংহতি জানিয়েছে চট্টগ্রামের ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বারের নেতারা।
চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গণি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
