২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমন নীরবতা কখনো দেখিনি’

ঘড়ির কাঁটায় তখন বিকেল ৪টা ৩মিনিট। নিস্তব্ধতা ভেঙে যেন কাকডাকা ভোরে ঘুম ভাঙ্গলো রাজধানীবাসীর। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 02:42 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

মঙ্গলবার লাখো মানুষের স্লোগানে মুখরিত শাহবাগসহ পুরো ঢাকায় এমনই দৃশ্যের অবতারণা হয় তিন মিনিটের নীরবতা কর্মসূচির পর।

কর্মসূচি শুরুর ঠিক এক মিনিট আগে থেকে শুরু হয় কাউন্ট ডাউন। মূল মঞ্চ থেকে তখন মাইকে গোণা হচ্ছিলো ৫৯, ৫৮, ৫৭। এর সঙ্গেই গলা মেলাচ্ছিলেন আন্দোলনের কেন্দ্রে উপস্থিত লাখো মানুষ। সময় যতই কমতে থাকে মানুষের গলার স্বর ততোই চড়তে থাকে।

৫, ৪, ৩, ২, ১। সঙ্গে সঙ্গে সর্বোচ্চ শব্দের উৎপত্তি ঘটিয়ে নিস্তব্ধ হয়ে যায় গোটা এলাকা।  উপস্থিত লাখো মানুষ মুষ্টিবদ্ধ হাত উচিয়ে ধরে নিশ্চুপ কাটিয়ে দেয় তিন মিনিট। সমাবেশস্থল ছাড়াও পাশের বারডেম, পিজি হাসপাতাল এবং জাদুঘরের ছাদে দাঁড়িয়েও স্বতঃস্ফূর্ত এই কর্মসূচিতে অংশ নেয় মানুষ।

গত কিছুদিন যেখানে প্রতি মুহুর্তে এই এলাকায় আন্দোলনকারীদের স্লোগানে ছিল মহাসমুদ্রের গর্জন, সেখানে এমন স্তব্ধতা এক অপিরিচিত শব্দহীন শাহবাগের সঙ্গে পরিচয় করিয়ে দেয় উপস্থিত নানা পেশা আর বয়সী মানুষজনকে।

তিন মিনিট শেষেই পরিচিত স্বরূপে ফিরে যায় এই প্রজন্ম চত্বর।

এ সময় সমাবেশ স্থলে উপস্থিত ষাটোর্ধ মুক্তিযোদ্ধা আব্দুল জলিল বলছিলেন, “এমন নীরবতা আগে কখনো দেখি নাই। নীরবতাও যে আন্দোলনের হাতিয়ার হতে পারে এই ধারণাও ছিল না আমার।”

আর ইউনিভার্সিটি অব লন্ডনের আইনের ছাত্র ইবনুল ফেরদৌস বলছিলেন, “এখানে না এলে ইতিহাসের সাক্ষী হতে পারতাম না। আমরা এই প্রজন্ম এ ধরনের আন্দোলন দেখিনি। অন্যরকম লাগছে।”

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কম্পিউটার প্রকৌশলী আব্দুস সবুর মাসুদ জ্বর নিয়ে ছুটে এসেছেন শাহবাগে।

বলছিলেন, “আমি এখানে শুদ্ধ হতে এসেছি। এই স্লোগান আর নীরবতায় নিজেকে পবিত্র মনে হচ্ছে। এখানে না এলে বোঝা হতো না নীরবতার কতো ক্ষমতা, কতো শক্তি। আমি শুধু যুদ্ধাপরাধীদের ফাঁসি নয়, যুদ্ধাপরাধে সহায়তাকারী এই দলটির নিষিদ্ধ চাই।”