ময়মনসিংহে ডাকাতির প্রতিবাদ ব্যবসায়ীদের
ময়মনসিংহ শহরে ডাকাতির মালামাল উদ্ধার এবং দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবিতে পাঁচ ঘণ্টা স্বর্ণের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।
মঙ্গলবার বেলা ১২টা থেকে ৫টা পর্যন্ত দোকান বন্ধ রেখে শহরে মিছিল করেন ব্যবসায়ীরা। এরপর জেলা প্রশাসনের কর্মকর্তাদের আশ্বাসে দোকান খোলার সিদ্ধান্ত নেন।
জেলা প্রশাসকের সভাকক্ষে জেলা প্রশাসক লোকমান হোসেন মিয়া, পুলিশ সুপার মইনুল হক এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
সোমবার রাতে শহরের একটি স্বর্ণের দোকানে বোমা ফাটিয়ে ডাকাতি করে দুর্বৃত্তরা।
কোতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম বলেন, ডাকাতির ঘটনায় ওই দোকানের মালিক আব্দুল আলীম বাবু থানায় একটি মামলা করেছেন। মামলায় নগদ এক লাখ টাকাসহ প্রায় চারশ’ ভরি স্বর্ণালংকার লুটের কথা বলা হয়।
এ ডাকাতির সময় গাঙিনার পাড় এলাকায় যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে অনুষ্ঠান চলছিল। বোমা ফাটার শব্দে প্রাথমিকভাবে সভায় বোমা হামলা হয় বলে ধারণা করা হয়েছিল। এ সময় উপস্থিত ছাত্র-জনতা হামলাকারীদের উদ্দেশে ছুটে যায়।
