কিশোরগঞ্জে হাসপাতালে আবারো ‘অবহেলায়’ মৃত্যু
কিশোরগঞ্জ সদর হাসপাতালে ঝাড়ুদারের ইনজেকশনে মৃত্যুর অভিযোগে তোলপাড়ের মধ্যেই আরেক সরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে।
কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সোমবার রাতে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চং ভাদেরা গ্রামের রাসেল মিয়ার স্ত্রী হিরামনির (২৫) মৃত সন্তান হয়।
হিরামনির পরিবারের অভিযোগ, চিকিৎসক না থাকায় পরিবার পরিকল্পনা দপ্তরের এক কর্মী (ভিজিটর) তার অপারশেন করেন। সঙ্গে ছিলেন এক আয়া।
এ ঘটনায় প্রসূতির চাচা শ্বশুড় মো. ছাইদুর রহমান রতন পরিবার পরিকল্পনা অধিপ্তর কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক বরাবর একটি অভিযোগ দিয়েছেন।
উপ-পরিচালক ডা. হাবিবুর রহমান লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
বিএমএ কিশোরগঞ্জ জেলা সাধারণ সম্পাদক ডা. আ ন ম নৌশাদ খানও জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন।
অভিযোগে বলা হয়, সোমবার সকালে হিরামনিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ভর্তি করা হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক ডা. হোসনা বেগম পরীক্ষা করে রোগীর অবস্থা ভাল বলে জানান।
কিন্তু চিকিৎসক চলে যাওয়ার পর বিকালে রোগীর অবস্থার অবনতি হলে তারা ক্লিনিকে কর্তব্যরত ভিজিটর শামছুন্নাহার হ্যাপিকে চিকিৎসক ডাকাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন।
এ সময় ক্লিনিকের আয়া সেলিনা আক্তার শোভার সহায়তায় রোগীকে অপারেশন থিয়েটারে নিয়ে যান ভিজিটর হ্যাপি। তিনি চিকিৎসকের অনুপস্থিতেই নিজেই অপারেশনের চেষ্টা চালান এবং কাটাছেড়া করে মৃত সন্তান বের করেন।
ডা. হোসনা বেগম বিষয়টি স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভিজিটর হ্যাপি কাজটি করে ভুল করেছেন। তাকে কল দিলে তিনি গিয়ে অপারেশন করতে পারতেন।
জানুয়ারির শেষ সপ্তাহে কিশোরগঞ্জ সদর হাসপাতালে ঝাড়ুদারের ইনজেকশনে ৩য় শ্রেণির ছাত্রী ইমার মৃত্যু হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি এখনো তদন্তাধীন আছে।
