২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ফাঁসির দাবিতে সোচ্চার শিক্ষার্থীরাও

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চট্টগ্রামে চলমান গণআন্দোলনের প্রতি সংহতি জানাতে দলে দলে আসছেন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 03:38 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

ক্লাস শেষে বা এর ফাঁকে তারা যোগ দিচ্ছেন সমাবেশে। নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সমবেত কণ্ঠে শ্লোগান দিচ্ছেন- ফাঁসি চাই, যুদ্ধাপরাধীর ফাঁসি চাই/একাত্তরের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার/পদ্মা-মেঘনা-যমুনা, তোমার আমার ঠিকানা।

যতোই সময় গড়াচ্ছে সমাবেশ স্থলে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ছেই।

 টানা ষষ্ঠ দিনের মত বন্দরনগরী চট্টগ্রামে চলছে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে এ সমাবেশ।

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব সড়কে বিকাল তিনটায় উদীচী’র শিল্পীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে শুরু হয় ‘গণ জাগরণ মঞ্চের’ সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম।

আগের দিনের মত এদিনও চোখে পড়ার মত উপস্থিতি ছিল স্কুল শিক্ষার্থীদের।  প্রেস ক্লাবের আশপাশের সেন্ট মেরীস্, এজি চার্জ কিন্ডার গার্টেনসহ ডা. খাস্তগীর স্কুল, মুহসীন স্কুল, চট্টগ্রাম সরকারি স্কুলের শিক্ষার্থীরা দল বেঁধে যোগ দেয় সমাবেশে। অনেকেই অভিবাবকদের সঙ্গে নিয়ে বসে পড়ে সমাবেশ স্থলে।

চিকিৎসক একিউএম সিরাজুল ইসলামও এসছেন সমাবেশে।

স্কুলের শিক্ষার্থীদের এই উপস্থিতি দেখে তিনি অভিভূত।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “আমরা অনেক দিন হতাশায় ছিলাম। মনে করতাম নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার চেতনা নেই। নেয়। তরুণ আর শিশুদের এ অংশগ্রহণ আমাদের ভুল ভেঙ্গে দিয়েছে।”

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সমাবেশে বাড়ছে সংহতি জানাতে আসা মানুষের ভিড়। শিশু থেকে বৃদ্ধ সবাই যোগ দিচ্ছেন এই গণআন্দোলনে।

চট্টগ্রাম এসে এ সমাবেশে ফাঁসির দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে গেলেন উদীচীর সভাপতি ও সাংবাদিক কামাল লোহানী।

সবার সঙ্গে তিনিও কণ্ঠ মেলান ‘যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই’ শ্লোগানে। যতদিন পর্যন্ত যুদ্ধাপরাধীদের বিচার শেষ হবে না, ততদিন পর্যন্ত রাজপথ না ছাড়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে গত মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে প্রথম মিছিল ও সমাবেশ করে ‘সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ’। এ আন্দোলনের ধারাবাহিকতায় বুধবার তারা পুনরায় সমাবেশ শুরু করলে  তা গণসমাবেশে রূপ নেয়।