শিবিরকে জামায়াতের উত্তরাধিকার বর্জনের আহ্বান নাহিদের
জামায়াতে ইসলামীর উত্তরাধিকার ছেড়ে ছাত্রশিবির কর্মী-সমর্থকদের মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইস্টার্ণ ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
শিক্ষামন্ত্রী বলেন, “জামায়াতে ইসলামী ১৯৭১ সালে খুন, হত্যা, গুম, ধর্ষণ, লুটতরাজ করেছে। নতুন প্রজন্ম কেন সেই নষ্ট রাজাকার, আলবদর, আল শামসের দায় বহন করে আজকেও সন্ত্রাসী-রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে লিপ্ত হবে? এ বিপথগামিতা থেকে বেরিয়ে আসার এখনই উপযুক্ত সময়।”
অর্জিত শিক্ষা ও জ্ঞান কর্মজীবনে প্রয়োগের আহ্বান জানিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ বলেন, জ্ঞান ও মেধার প্রয়োগে সৃজনশীলতা ও উদ্যোগী মনোভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, নতুন প্রজন্মই ইতিহাসের সন্ধিক্ষণে দেশের, সমাজের ও মানবজাতির কল্যাণকর ভবিষ্যৎ নির্ধারণে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। শাহবাগের গণজাগরণ তারই প্রমাণ।
ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদেরকে দেশ-জাতির সেবায় আত্মনিয়োগেরও আহ্বান জানান মন্ত্রী।
ইষ্টার্ণ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বখতিয়ার আলমও অনুষ্ঠানে বক্তব্য দেন।
