কুমারখালীতে ১৪৪ ধারা জারি
একই স্থানে বিএনপি ও আওয়ামী লীগের সভা আহ্বানকে কেন্দ্র করে কুষ্টিয়ার কুমারখালীতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমারখালী পৌরসভার দুর্গাপুর হাইস্কুল মাঠ ও আশপাশ এলাকায় সব ধরনের মিছিল-সভা-সমাবেশ নিষিদ্ধ করে এ ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, বিকালে হাইস্কুল মাঠে কারামুক্ত কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সৈয়দ মেহেদী আহমেদ রুমীর সংবর্ধনা সভার আয়োজন করে উপজেলা বিএনপি।
একই সময়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে ওই মাঠেই বিক্ষোভ-সমাবেশের ডাক দেয় পৌর আওয়ামী লীগ। আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কার উপজেলা প্রশাসন এ আদেশ জারি করে, বলেন ইউএনও।
জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী জানান, পৌর এলাকার বাইরে নন্দলালপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠে কর্মসূচি পালিত হবে।
তবে পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের কর্মসূচি কোথাও হবে কিনা জানাতে পারেননি কুমারখালী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আকতারুজ্জামান লিপু।
