২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইডিএফ থেকে ঋণ পাবে বিজিএপিএমইএ সদস্যরা

রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে এখন ঋণ পাবে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 04:08 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

বাংলাদেশ ব্যাংক রোববার এক প্রজ্ঞাপন জারি করে এ সিদ্ধান্তের কথা অথরাইজড ডিলার ব্যাংকগুলোকে জানিয়েছে।

এর আগে প্রচ্ছন্ন রপ্তানিকারকদের মধ্যে শুধু বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্যরা এ সুবিধা পেতেন।

এছাড়া সব ধরনের প্রকৃত রপ্তানিকারকরা এ সুবিধা পেয়ে থাকেন।

এই প্রচ্ছন্ন রপ্তানিকারকরা রপ্তানি উন্নয়ন তহবিল থেকে ব্যাপক(বাল্ক) আমদানিতে ব্যাক টু ব্যাক এলসির ক্ষেত্রে ১২ মাসের আমদানি ব্যয় অথবা ১০ লাখ ডলার এর মধ্যে যেটি কম সর্বোচ্চ সেই পরিমাণ ঋণ নিতে পারবে।

সম্প্রতি রপ্তানি উন্নয়ন তহবিল(ইডিএফ) ২০০ কোটি টাকা বাড়িয়ে ৮০০ কোটি টাকা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক পুনঃঅর্থায়ন ভিত্তিতে এই ঋণ দিয়ে থাকে। কোন রপ্তানিকারকের ব্যাক টু ব্যাক এলসির বিপরীতে তার ব্যাংকিং ঋণ দিয়ে বাংলাদেশ ব্যাংকের ইডিএফ থেকে ওই অর্থ নিতে পারে।

বর্তমানে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক লাইবরের(লন্ডন ইন্টারব্যাংক অফার রেট) সঙ্গে এক শতাংশ সুদে এই তহবিল সরবরাহ করে। আর ব্যাংকগুলো রপ্তানিকারকদের কাছ থেকে সর্বোচ্চ লাইবরের সঙ্গে আড়াই শতাংশ হারে সুদ নিতে পারে।

১৮০ দিন বা ৬ মাসের মধ্যে এই ঋণ পরিশোধ করতে হয়। বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক এটি বাড়িয়ে ২৭০দিন বা ৯ মাস করতে পারে।