শ্রীমঙ্গল-কুলাউড়ায় বন্ধ দিগন্তের সম্প্রচার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়ায় বেসরকারি টেলিভিশন চ্যানেল দিগন্তের সম্প্রচার বন্ধ করে দিয়েছে স্থানীয় কেবল অপারেটর।
শ্রীমঙ্গল ক্যাবল সিস্টেমের (এসওএস) পরিচালনা পর্ষদের সদস্য আকবর হোসেন শাহিন জানান, জামায়াত নেতা কাদের মোল্লাসহ সব যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি এবং জামাতিদের মালিকানাধীন প্রতিষ্ঠান বর্জনে শাহবাগের সমাবেশ থেকে আহ্বানের সঙ্গে একাত্মতা ঘোষণা করে শুক্রবার রাত থেকে শ্রীমঙ্গলে দিগন্ত চ্যানেলের সম্প্রচার বন্ধ রাখা হয়েছে।
অবশ্য ১১ সদস্যদের পরিচালনা পরিষদের অপর সদস্য উপজেলা বিএনপির একাংশের সাংগঠনিক সম্পাদক মোছাব্বির আলী মুন্না জানিয়েছেন, ‘কোয়াব’ থেকে কোনো ঘোষণা না এলেও এক প্রকার জোর করেই দিগন্তের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
আরেক সদস্য পার্থ সারথি দাশ জানান, পরিচালনা পর্ষদের ২/৩ জন সদস্য শনিবার রাতে আকস্মিক দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দিয়েছেন।
এদিকে দিগন্ত টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আব্দুল আজিজ জানিয়েছেন, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবির বাজারেও শনিবার থেকে দিগন্ত টিভির সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে।
