২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ দুর্নীতির ৩ মামলায় ইউসুফ মৃধা আসামি

রেলওয়ের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে চট্টগ্রামে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক), যার তিনটিতেই রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহা ব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাকে আসামি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2013, 01:12 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

কোতোয়ালি থানার এসআই উৎপল বড়ুয়া জানান, রোববার সকালে দুদক কর্মকর্তারা এই তিনটি মামলা দায়ের করেন।

তিন মামলাতেই ইউসুফ মৃধার সঙ্গে আসামির তালিকায় রেলওয়ের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়ার নাম রয়েছে।

‘গুড সহকারী’ পদে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে প্রথম মামলাটি করেছেন দুদকের ঢাকা কার্যালয়ের উপপরিচালক শেখ ফাইয়াজ।

দ্বিতীয় মামলাটি হয়েছে ‘ট্রেইল নাম্বার টেকার’ পদে ‘নিয়োগ বাণিজ্যের’ অভিযোগে। মামলার বাদী দুদকের উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন।

মূল দুই আসামি ছাড়াও এ মামলার অপর তিন আসামি হলেন- মো. ইসমাইল হোসেন, সোহেল রানা ও মোসাম্মৎ সাঈদা আক্তার। এই তিনজন ওই পদে নিয়োগ পেয়েছিলেন।

দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমান ‘রেকর্ড কিপার’ পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে তৃতীয় মামলাটি দায়ের করেছেন। এ মামলার তৃতীয় আসমি হলেন ওই পদে নিয়োগ পাওয়া সরওয়ার হোসেন।

শেখ ফাইয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিক তদন্তে আমরা খাতার নম্বরের ওপর ঘষামাজা করে কৃতকার্যকে অকৃতকার্য এবং অকৃতকার্যকে কৃতকার্য করার প্রমাণ পেয়েছি।”

তিনি জানান, ওই ‘দুর্নীতির’ সঙ্গে সরাসরি সংশ্লিষ্টদের বিরুদ্ধেই মামলা হয়েছে। তদন্তে অন্য কারো নাম এলে তাদের বিরুদ্ধেও মামলা হবে।

গত বছর এপ্রিল মাসে গাড়িতে বিপুল পরিমাণ টাকাসহ পিলখানার ফটকে আটক হন তখনকার রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর সহকারী ওমর ফারুক তালুকদার।

গত সোমবার রাতে পিলখানায় বিজিবির ফটকে সুরঞ্জিতের এপিএস ফারুকের যে গাড়িতে বিপুল পরিমাণ অর্থ পাওয়া যায়, সে গাড়িতে ইউসুফ মৃধাও ছিলেন।

টাকা পাওয়ার ওই ঘটনায় সারাদেশে তোলপাড় ওঠে, পদত্যাগে বাধ্য হন সুরঞ্জিত সেনগুপ্ত। ওমর ফারুক তালুকদার ও ইউসুফ মৃধাকে বরখাস্ত হন। বর্তমানে তারা দুজনেই কারাগারে রয়েছেন।