কৃষক হত্যার দায়ে তিন জনকে মৃত্যুদণ্ড
কিশোরগঞ্জের কৃষক বজলুর রহমান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার আদালত।
রায়ে মামলার অপর চার আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদাণ্ড দেয়া হয়। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় চারজনকে খালাস দেয় আদালত।
রায়ে নাজিম উদ্দিন (৫৫), সুমন মিয়া (২৩) ও শাহাবুদ্দিনকে (৪৭) ফাঁসির আদেশ দেয়া হয়েছে।
আর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে মোসাম্মৎ বেগমের (৩০)। তাকে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডও দিয়েছে আদালত।
এছাড়া রাজন (২২) নামের আরেক আসামিকে পাঁচবছর কারাদণ্ড এবং জালাল উদ্দিনকে (৪২) দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। তাদের জরিমানাও করা হয়েছে।
এছাড়া মোহাম্মদ (২৩), আউয়াল (৩৫) নামের দুজনকে দেয়া হয়েছে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড।
জমি নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সালের ১৯ এপ্রিল প্রতিপক্ষদের হাতে খুন হন কিশোরগঞ্জের বেরোয়াইল খলাপাড়া গ্রামের বজলুর রহমান (৩৮)।
ওই ঘটনায় নিহতের ভাই বিল্লাল হোসেন কিশোরগঞ্জ থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার চলাকালে রাষ্ট্রপক্ষে ১৬ জনের সাক্ষ্য শোনেন বিচারক।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এ ট্রাইবুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর এস এম রফিকুল ইসলাম। আসামি পক্ষে ছিলেন আমিনুল গণী টিটো।
