শেরপুরে ফেনসিডিলসহ ইউপি সদস্য গ্রেপ্তার
ফেনসিডিল বহনের অভিযোগে শনিবার রাতে শেরপুর সদরের এক ইউপি সদস্যসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন চরশেরপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল করিম (৩৮) এবং শেরপুর পৌরসভার মীরগঞ্জ মহল্লার আব্দুর রহমান (২৫)।
শেরপুরের পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, রাত সাড়ে ৯টার দিকে থানা ঘাট এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল রেজাউল ও রহমানের দেহ তল্লাশি করে ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এরপর তাদের গ্রেপ্তার করা হয়।
ওই সময় তারা চরশেরপুর ইউনিয়নের বামনের চর থেকে শহরের দিকে আসছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
