শাহবাগের বিরুদ্ধে জামায়াত-বিএনপি সমর্থক সাংবাদিকরা
শাহবাগের আন্দোলন ব্যবহার করে ‘উগ্রবাদী সরকারের সমর্থকরা’ ফায়দা নেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি ও জামায়াতপন্থী কয়েকজন সাংবাদিক নেতা।
শনিবার এক বিবৃতিতে তারা এ অভিযোগ করেন।
ওই সাংবাদিক নেতাদের মধ্যে রয়েছেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজী, মহাসচিব শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক মুহাম্মদ বাকের হোসাইন ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খানও বিবৃতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) প্যাডে পাঠানো বিবৃতিতে বলা হয়, ‘গত কয়েকদিন ধরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাক্টিভিস্টদের ডাকে অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে।
‘এই কর্মসূচিতে যেমন মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশ ঘটছে, তেমনি উগ্রবাদী সরকার সমর্থকরা সেই মঞ্চ ব্যবহার করে রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করার অপপ্রয়াসও চালাচ্ছে।’
সেখানে কয়েকটি পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা তথ্য সংগ্রহে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন বলেও উল্লেখ করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, শুক্রবার আমার দেশ, নয়াদিগন্ত, সংগ্রাম, ইসলামিক টেলিভিশন ও দিগন্ত টেলিভিশনের নাম উল্লেখ করে এসব বয়কটের আহ্বান জানিয়েছেন আন্দোলনকারীরা। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে চলমান আন্দোলন থেকে মিডিয়া বিরোধী এসব তৎপরতা গণতান্ত্রিক সংস্কৃতির সুষ্ঠ চর্চা ও বিকাশের অন্তরায়।
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ে গত মঙ্গলবার কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেয়া হয়।
ওই রায় ঘোষণার দিন থেকেই কাদের মোল্লার ফাঁসি চেয়ে ঢাকার শাহবাগে টানা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চলছে, যা ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে।
যুদ্ধাপরাধী কাদের মোল্লা জাতীয় প্রেসক্লাবের সদস্য।
যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং ৭১-এ স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে শাহবাগে তারুণ্যের গণজাগরণের খবর বাংলাদেশের সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের পাশাপাশি বিদেশি সংবাদ মাধ্যম বিশেষ গুরুত্ব দিয়ে প্রকাশ করলেও শুক্রবার আমারদেশ এই আন্দোলনকে উল্লেখ করেছে ‘শাহবাগে ফ্যাসিবাদিদের পদধ্বনি’ শিরোনামে।
