ডিএনএ পরীক্ষা নিস্ফল, র্যাব এখনো তদন্তে
সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের এক বছরেও এর কারণ সম্পর্কে কিছুই জানাতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।
সন্দেহভাজন একজনকে শনিবার গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে, তাদের আরো তদন্ত চালাতে হবে।
গ্রেপ্তার ও সন্দেহভাজন ১৬ জনের ডিএনএ পরীক্ষা করলেও ঘটনাস্থলে পাওয়া আলামতের সঙ্গে এখনো কারো নমুনাই মেলেনি।
তদন্ত কার্যক্রমে হতাশা প্রকাশ করেছেন রুনির ভাই ও হত্যাকাণ্ডের মামলার বাদি গোলাম নওশের রোমান।
গত বছরের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পূর্ব রাজাবাজারে নিজের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।
প্রথমে ডিবি এই হত্যাকাণ্ডের তদন্ত শুরু করলেও তারা আদালতে ব্যর্থতা স্বীকার করলে দুই মাস পর তদন্তে আসে র্যাব।
তারা তদন্তের দায়িত্ব নেয়ার পর গত অক্টোবরে হত্যাকাণ্ডে ‘জড়িত’ আটজনকে চিহ্নিত করে সাতজনকে গ্রেপ্তারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
‘চিহ্নিত’ আটকজনের মধ্যে শনিবার বাকি একজন অর্থাৎ সাগর-রুনির বাড়ির পাহারাদার হুমায়ুন ওরফে এনামুল।
গ্রেপ্তার অন্য সাতজন হলেন- রুনির কথিত বন্ধু তানভীর রহমান, বাড়ির দারোয়ান পলাশ রুদ্র পাল, সন্দেহভাজন ডাকাত রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ ও মো. সাঈদ।
তারা হত্যাকাণ্ডে জড়িত বলে সনাক্ত হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী একথা বললেও এনামুলকে গ্রেপ্তারের পর র্যাব প্রধান মোখলেছুর রহমান সংবাদ সম্মেলনে বলেন, এদের সবাইকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
গত বছরের এপ্রিলে তদন্তের দায়িত্ব নেয়ার পর সন্দেহভাজন ১৬ জনের ডিএনএন নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হয় বলে র্যাবের এক কর্মকর্তা জানান। তার কিছু ফলাফলও এসেছে।
মোখলেছুর রহমান বলেন, “এই পর্যন্ত র্যাব যে সব ডিএনএ নমুনা পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে, কারো সঙ্গে (আলামত) তার মিল পাওয়া যায়নি।”
এই পর্যন্ত নয়জনের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে বলে র্যাবের এক কর্মকর্তা জানান।
র্যাব প্রধান বলেন, তারা এনামুলের ডিএনএ নমুনাও পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠাবেন।
তদন্তের বিষয়ে তিনি বলেন, “তদন্ত করার মতো আরো অনেক কিছু আছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।”
তদন্ত কবে নাগাদ শেষ হচ্ছে- সেই প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে যান মোখলেছুর রহমান।
তিনি বলেন, “র্যাব এই স্পর্শকাতর মামলাটির স্বাভাবিক তদন্ত ছাড়াও প্রযুক্তিনির্ভর তদন্ত করছে। তদন্ত তাড়াতাড়ি হয়ে যাবে এমন কিছু আশা করা যায় না।”
দীর্ঘদিন ধরে তদন্তেও হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন না হওয়ায় হতাশা প্রকাশ করেন রুনির ভাই নওশের।
কয়েকজনকে গ্রেপ্তার অগ্রগতি হিসেবে দেখছেন কি না- জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পজিটিভলি দেখার কোনো কারণ নেই।
“এগুলো ‘অ্যাচিভমেন্ট’ নয়। এই হত্যাকাণ্ডে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্জন শূন্য।”
সাগর-রুনি হত্যার পর ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
এরপর মহীউদ্দীন আলমগীর দায়িত্ব নিয়ে এক মাসের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি জানানো ঘোষণা দেন এবং সেই সময়ের মধ্যেই আটজনকে ‘সনাক্ত’ করার কথা জানান।
গ্রেপ্তার আটজনের মধ্যে পাঁচজনই চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি। তারা ‘পেশাদার’ ডাকাত বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি।
এনামুলকে গ্রেপ্তারের পর শনিবার সকালে র্যাব মহাপরিচালক তার কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন।
রাজাবাজারের ৫৮/এ/২ ‘শাহজালাল লজ’ নামের যে বাড়ির পঞ্চম তলায় সাগর-রুনি থাকতেন, ওই বাড়ির দারোয়ান ছিলেন এনামুল।
তাকে প্রথমে স্থানীয় শেরে বাংলা নগর থানা পুলিশ এবং পরে ডিবি আটক করে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়। এরপর থেকেই এনামুল আত্মগোপনে ছিলেন বলে র্যাব জানায়।
তাকে ধরিয়ে দিতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন আলমগীর।
শনিবার ভোর ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়।
এনামুল ঢাকা থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল যাচ্ছিলেন বলে র্যাব জানায়।
ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাহ মো. মাঈনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাদা পোশাকে র্যাবের একদল সদস্য স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে বসা মাথা মোড়ানো এক যুবককে ধরে নিয়ে যায়।
“আমি জানতে চাইলে এক র্যাব সদস্য বলেন, এ একজন বড় সন্ত্রাসী। পরে জানতে পারি, এই ব্যক্তি এনামুল।”
সাগর-রুনি হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাড়ির পাহারাদার হুমায়ুন কবির এনামুল
এদিকে এনামুলকে গ্রেপ্তারের পর সাগরের মা একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ‘জজ মিয়া নাটক’র আশঙ্কা প্রকাশ করেন।
সাংবাদিক দম্পতি খুনের ঘটনায় ২১ অগাস্ট গ্রেনেড হামলার জজ মিয়ার মতো ‘নাটক’ সরকার সাজাবে না বলে গত অক্টোবরেই বলেন মহীউদ্দীন আলমগীর।
র্যাব জানায়, সাগর-রুনি খুনের পর দারোয়ানের চাকরি ছেড়ে ফার্মগেইটে রয়েল সিকিউরিটিজ নামে এক কোম্পানিতে চাকরি নিয়েছিল এনামুল। গ্রেপ্তার এড়াতে সে পালিয়ে বেড়াত।
র্যাবের গোয়েন্দা শাখার প্রধান জিয়াউল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনামুল ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে সুরমা ট্রেনে ওঠে। তখন র্যাব সদস্যরাও তার পিছু নিয়ে ওই ট্রেনে ওঠে।
“কৌশল পরিবর্তন করে এনামুল ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে নেমে পড়ে। র্যাবের দলও তখন নেমে পড়ে। এনামুল ভিড়ে হারিয়ে গেলে রেল স্টেশন ঘিরে খোঁজাখুজি করে তাকে গ্রেপ্তার করা হয়।”
এই হত্যাকাণ্ডের তদন্তে এই পর্যন্ত ১২৭ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
